স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির দেশি -- বিদেশি প্রস্তাব খতিয়ে দেখছে কমিশন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিনামূল্যে স্বচ্ছ ব্যালট বাক্স দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার তিন বছর পর নির্বাচন কমিশন এখন অর্থের বিনিময়ে এই বাক্স তৈরির জন্য দেশি -- বিদেশি নানা প্রস্তাব খতিয়ে দেখছে।
কমিশনের একজন শীর্ষ কর্মকতা নফহবংি২৪.পড়স কে জানান, সাভার সেনানিবাসের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) মেজর জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী বুধবারই একটি প্রতিনিধি দল নিয়ে কমিশনের কাছে স্বচ্ছ ব্যালট বাক্স এবং ভোটার পরিচয়পত্রের বিষয়ে তাদের প্রকল্প প্রস্তাব উত্থাপন করেন। প্রতিনিধি দলের সঙ্গে কমিশনের সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেশিন টুলস ফ্যাক্টরি গত ৫ ফেব্র“য়ারি কমিশনে চিঠি দিয়ে স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির জন্য কাজ পাওয়ার আগ্রহের কথা জানায়।
চিঠিতে জানানো হয়, ২২ জানুয়ারির না হওয়া নির্বাচনের জন্য তারা ৪০ হাজার স্টিলের ব্যালট বাক্স বানিয়েছিল।
কমিশন সূত্র জানায়, ডেনিশ দূতাবাস ১৫ ফেব্র“য়ারি স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির কাজ পাওয়ার আগ্রহ জানিয়ে কমিশনে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়, ৪৩ লিটার ধারণ ক্ষমতার প্রতিটি ব্যালট বাক্সের দাম পড়বে প্রায় এক হাজার ৩৫ টাকা (১৫ মার্কিন ডলার)। কমিশনের চাহিদা অনুযায়ী তারা ১৫ সপ্তাহের মধ্যে মালামাল সরবরাহ করতে প্রস্তুত।
বাংলাদেশ নৌ বাহিনী পরিচালিত খুলনা শিপ ইয়ার্ড লিমিটেড গত ১৯ ফেব্র“য়ারি কমিশনে দেওয়া পৃথক এক চিঠিতে ওই কাজ পেতে তাদের আগ্রহের কথা জানায়।
এ ছাড়া কমিশনের এক চিঠির জবাবে গত বছর ১৮ অক্টোবর কানাডিয়ান দূতাবাস জানিয়েছিল, স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করতে সময় লাগবে দুবছর। আর বিদেশ থেকে এ সব ব্যালট বাক্স বানাতে সরকারের খরচ হবে প্রায় ৩৫ কোটি টাকা (পাঁচ মিলিয়ন মার্কিন ডলার)।
এর আগে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারে ইইউ এর প্রস্তাব কমিশন সরাসরি নাকচ করে দেয়। তবে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বরাবরই নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার দাবি করা হচ্ছে। নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার অন্যতম যুক্তি হচ্ছে, জাল ভোট রোধ করা। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স সরবরাহ করতে ইইউ এর আগ্রহের কথা আবারও জানিয়েছেন।
কমিশন সূত্র জানায়, বাতিল হয়ে যাওয়া ২২ জানুয়ারির নির্বাচনে কমিশন দুলাখ ২০ হাজার স্টিলের তৈরি ব্যালট বাক্স ব্যবহার করার পরিকল্পনা নেয়। ওই নির্বাচনের জন্য কমিশন সে সময় তিন কোটিরও বেশি টাকা খরচ করে জয়দেবপুরের কারখানায় ৪০ হাজার নতুন ব্যালট বাক্স বানায়।
ইইউ প্রথমে ২০০৪ সালে কমিশনকে হালকা ও সহজে বহনযোগ্য প্লাস্টিকের তৈরি স্বচ্ছ ব্যালট বাক্স বিনামূল্যে সরবরাহ করার প্রস্তাব দেয়। ২০০৫ সালে ইইউ এর একটি প্রতিনিধি দল আবারো তৎকালীন সিইসি এমএ আজিজকে ওই রকম একটি স্বচ্ছ ব্যালট বাক্স উপহার দেয়। তারা এ সব ব্যালট বাক্স ব্যবহার করার জন্য নির্বাচন কর্মকর্তাদের বিনামূল্যে প্রশিক্ষণের প্রস্তাবও দিয়েছিল। কিন্ত কমিশন তখন এসব প্রস্তাব ফিরিয়ে দেয়।
সূত্র মতে, স্টিলের তৈরি ব্যালট বাক্সের স্থায়িত্ব বেশি হলেও ওজনে অনেক ভারী। এ কারণে নির্বাচনের পর অনেক দুর্গম এলাকার ভোট কেন্দ্র থেকে এ সব বাক্স ফেরত নেওয়া হয় না বলে
প্রচুর টাকা অপচয় হয়।
প্রসঙ্গত, রাজনৈতিক দাবির মুখে গত ৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত সিইসি বিচারপতি মাহফুজুর রহমানসহ পাঁচ নির্বাচন কমিশনার একযোগে পদত্যাগ করেন। তারও আগে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজ ছুটিতে থাকা অবস্থায় ২১ জানুয়ারি পদত্যাগ করেন।
১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হওয়ার পরপরই ২২ জানুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ওই নির্বাচন বাতিলের ঘোষণা দেওয়া হয়।
