বিভেদের রাজনীতি ভুলে যাওয়ার আহ্বান জানালেন তপন চৌধুরী
বিভেদের রাজনীতি ভুলে জাতীয় সমস্যা নিরসনে ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তপন চৌধুরী।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘অর্থনীতির বাংলাদেশ’ শীর্ষক একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
উপদেষ্টা তপন চৌধুরী বলেন, ‘‘বিভেদের রাজনীতি ভুলতে হবে। জাতীয় সমস্যা নিরসনে ঐকমত্য প্রয়োজন।”
এদেশে সবকিছু খারাপ- এটা ঠিক নয় মন্তব্য করে উপদেষ্টা বলেন, “দেশে অনেক ভাল রাজনীতিবিদ আছেন। অর্থনীতিবিদ, চিকিৎসক, আইনজীবী ও ব্যবসায়ীও অনেক আছেন-- তাদেরকে সামনে নিয়ে আসার সময় এসেছে।’’
নিজের মন্ত্রণালয়ের দৈন্যদশার ইংগিত করে তিনি বলেন, “যেখানে হাত দিই, সেখানেই অন্ধকার দেখি। সত্যি কথা বলতে কী, দেশটা মনে হয় আল্লাহ চালাচ্ছেন। ক্ষমতার বাইরে থেকে এতোদিন তা বিশ্বাস হতো না।”
সাংবাদিক মনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী আবুল আল মাল মুহিত, অর্থনীতিবীদ আতিউর রহমান, সাংবাদিক এরশাদ মজুমদার ও বইটির লেখক জীবন ইসলামও বক্তব্য রাখেন।
চার দলীয় জোট সরকারের সমালোচনা করে আবুল মাল আব্দুল মুহিত বলেন, “এতোদিন একটা দুর্বৃত্ত সরকার ছিল। এদেশটাকে তারা বিদ্যুৎমুক্ত করে দিয়েছিল। এ কারণেই বিদ্যুতের সাশ্রয় করতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সন্ধ্যা ৭টার পর ঢাকাকে অন্ধকার করে রাখতে হচ্ছে।”
ড. আতিউর রহমান বলেন, “বর্তমান সরকারের প্রধান কাজ দেশে একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান। এটা করতে হলে রাজনীতির মধ্য দিয়েই যেতে হবে। সরকারকে সৎ রাজনীতিবিদদের সঙ্গে সংলাপে বসে সামনে এগুতে হবে।”
