উসকানিমূলক রাজনৈতিক বক্তব্য বরদাশ্ত করবে না সরকার
বিভিন্ন দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত বৈঠক বা সভায় রাজনৈতিক দলগুলো যাতে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার।
রোবাবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির প্রধান ও আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “দুর্নীতি দমন কমিশনের তালিকাভূক্তদের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছেন বা আত্মসমর্পণ করেছেন, মার্চ মাস থেকেই তাদের বিচার কাজ শুরু হবে।”
তিনি আরো বলেন, “রাজনীতি নিষিদ্ধ করা হয়নি। কিন্ত কোন কোন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এ পর্যন্ত সরকার তাদের উসকানিমূলক বক্তব্য সহনশীলভাবে নিয়েছে। ভবিষ্যতে তা নেওয়া হবে না।”
বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নফহবংি২৪.পড়স কে বলেন, বৈঠকে জানানো হয়েছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাজনৈতিক দলগুলো যেসব অনুষ্ঠান করেছে তাতে রাজনৈতিক বক্তব্যের প্রাধান্য ছিল । এটা জরুরি অবস্থার পরিপন্থি।
মইনুল হোসেন বলেন, “এখনো অনেক গডফাদার রয়েছেন যারা তালিকাভূক্ত হয়নি। এরকম বড় বড় গডফাদারদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যায় সে বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, “প্রয়োজনে আমরাও সম্পদের হিসাব দেব। তবে যারা জনপ্রতিনিধি তাদের জবাবদিহিতা সবচে বেশি গুরত্বপূর্ণ। একারণেই তাদের দুর্নীতির বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে।”
তিনি আরো বলেছেন, “ছোট খাটো অপরাধের জন্য জেল হাজতে যারা আটক রয়েছেন, শিগগিরই তাদের ছেড়ে দেওয়া হবে। এ ধরনের কয়েদি এবং হাজতির সংখ্যা প্রায় তিন হাজার। এদের অপরাধের মধ্যে রয়েছে ফেনসিডিল সেবন, ছিনতাই, চুরি ইত্যাদি।”
স্বরাষ্ট্র মস্ত্রণালয় সুত্রে জানা গেছে, বাংলাদেশের কারাগারগুলোতে বর্তমানে হাজতি ও কয়েদির মোট সংখ্যা ৭৮ হাজার ৪১৯। কারাগারগুলোর ধারণ ক্ষমতা ২৭ হাজার ১৯৪। অতিরিক্ত হাজতি ও কয়েদির কারণে জেলখানাগুতে অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর অবস্থা তৈরি হয়েছে। এসব কারণে স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট অপরাধীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৈঠক সুত্রে জানা গেছে।
সূত্র আরো জানায়, বিগত সরকারগুলোর সময় শুধু রাজনৈতিক বিবেচনায় যাদের কারাগারে পাঠানো হয়েছে, তাদের ধাপে ধাপে মুক্তি দেয়া যায় কিনা, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বৈঠকে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে খালেদা জিয়া ও শেখ হাসিনার জন্য সমসংখ্যক নিরাপত্তারক্ষীর ব্যবস্থারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েকদিন শেখ হাসিনার নিরাপত্তায় ডিবি, এসবিসহ নিয়োজিত ছিল ২৪৫ জন নিরাপত্তাকর্মী। খালেদা জিয়ার জন্য ছিল ১৫০ জন। খালেদা জিয়ার বাসা ক্যান্টনমেন্ট এলাকায় হওয়ায় তার নিরাপত্তাকর্মীর সংখ্যা কিছু কম ছিল।
এ ছাড়া বস্তিবাসীদের দুই হাজার জনকে পুনর্বাসনের পাশাপাশি মহাখালীর সাত তলা বস্তি এবং গুলশান, বনানীসহ রাজধানীর অন্যান্য অভিজাত এলাকায় অবৈধ দখলদারদেরও শিগগিরই উচ্ছেদের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।
উচ্ছেদ হওয়া হকারদের কীভাবে পূনর্বাসন করা যায় সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী সমিতির নির্বাচনে যেন বাধা দেয়া না হয় সে বিষয়েও লক্ষ রাখতে বলা হয়েছে।
কোন মসজিদ, মাদ্রাসা ও স্কুলে ত্রাণের টিন লাগানো থাকে সেগুলি না খুলতে বৈঠক থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
