চট্টগ্রামে বিএনপি, সিবিএ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ আটক ৭
যৌথ বাহিনীর সদস্যরা সীতাকুন্ড পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক এবং একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ছয়জনকে আটক করেছে।
এ ছাড়া চট্টগ্রাম ওয়াসার সিবিএ সভাপতি নুরুল ইসলামকে সোমবার সন্ধ্যায় আটক করা হয়েছে।
সেনা সূত্র জানায়, যৌথ বাহিনীর সদস্যরা সোমবার সীতাকুন্ডের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিজান (৩৫) এবং সীতাকুন্ড উপজেলার বিএনপি সমর্থিত মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোফরান বাহারকে (৩৮) আটক করে।
তাদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আটককৃত অন্যরা হলেন পটিয়ার শহিদুল আলম পটল, কক্সবাজারের মো. জাহাঙ্গীর, মো. আলী হোসেন ও আবুল মোনাক।
এদিকে, র্যাব--৭ এর একটি দল সোমবার সন্ধ্যায় নগরীর ওয়াসার মোড় থেকে চট্টগ্রাম ওয়াসার সিবিএ সভাপতি নুরুল ইসলামকে আটক করেছে।
ওয়াসায় মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত এই সিবিএ নেতা টেন্ডারবাজিসহ নানা অবৈধকাজে জড়িত থেকে কোটি টাকার মালিকে পরিণত হয়েছেন বলে র্যাব সূত্র জানায়।
নুরুল ইসলাম ১৯৭৭ সালে ওয়াসার এলডিএ (লোয়ার ডিভিশন এসিস্ট্যান্ট) হিসাবে যোগদান করেন।
র্যাব--৭ এর স্টাফ অফিসার এএসপি জাহাঙ্গীর আলম সরকার জানান, প্রভাবশালী এই সিবিএ নেতার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ওয়াসাকে জিম্মি করে রাখার অভিযোগ আছে।
তিনি জানান, বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে সাতটি মামলা বিচারাধীন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
