সম্ভাব্য দ্রুততম সময়ে নির্বাচন চেয়েছে আওয়ামী লীগ
দায়িত্ব নেওয়ার এক মাস পেরিয়ে গেলেও তত্ত্বাবধায়ক সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করেনি বলে মনে করছে আওয়ামী লীগ।
রোববার দলের ধানমণ্ডির কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী সংসদের (ওয়ার্কিং কমিটি) এক জরুরি সভা শেষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বরত ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি করছি যে, যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে নির্ভুল ভোটার তালিকা করে নির্বাচনের আয়োজন করুন।”
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকার কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের গ্রেপ্তার হওয়া সব আওয়ামী লীগ নেতাকর্মীর মুক্তি দাবি করে বলেন, “দুর্নীতি ও সন্ত্রাসে জড়িত দলের সঙ্গে আওয়ামী লীগকে এক পাল্লায় ফেলার চেষ্টা দুঃখজনক।”
‘দুর্নীতি সন্ত্রাস ও কালোটাকার’ বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “সেনাবাহিনীর সম্পত্তি ঢাকা ক্যান্টনমেন্টের ৬ নং মইনুল রোডের বাড়িটিও দখলমুক্ত করা হোক। এ জায়গা দখলমুক্ত করার মাধ্যমে সেনা কর্মকর্তাদের আবাসন সুবিধা বৃদ্ধি করা দরকার।”
ওবায়দুল কাদের উল্লিখিত বাড়িটিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া থাকেন।
উচ্ছেদ হওয়া বস্তিবাসী ও হাটবাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নিতেও তিনি সরকারের প্রতি আহবান জানান।
নিরাপরাধ কেউ যেন অযথা হয়রানি বা নিগৃহীত না হয় এবং গ্রেপ্তার হওয়া ও গ্রেপ্তারের তালিকায় থাকা নেতাদের পরিবারের লোকজন যাতে হয়রানির শিকার না হয় তত্ত্বাবধায়ক সরকারকে সেদিকে খেয়াল রাখতে বলেন তিনি।
সভায় ২১ ফেব্র“য়ারিতে আওয়ামী লীগের অনুষ্ঠানমালাও চূড়ান্ত করা হয়।
