২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বছর পর আবার আলোচনায় স্বচ্ছ ব্যালট বাক্স

বিনামূল্যে প্লাস্টিকের তৈরি স্বচ্ছ ব্যালট বাক্স পাওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার তিন বছর পর নির্বাচন কমিশন এখন আবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওই প্রস্তাব যাচাই করে দেখছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 02:33 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, কমিশন সচিব আব্দুর রশীদ সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা গত তিনদিন এ বিষয়ে বৈঠক করেন।

কমিশন সূত্র জানিয়েছে, নতুন কমিশন এ সব বৈঠকে একটি নির্ভুল ভোটার তালিকা, ভোটার পরিচয়পত্র ছাড়াও নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছে। 

কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মাদ জকরিয়া নফহবংি২৪.পড়স কে জানান, একমাত্র ডেনমার্ক ও কানাডায় স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি হয়। ইইউর প্রস্তাব সত্ত্বেও বাজার দর যাচাই করতে গত বছর অক্টোবরে কমিশন কানাডিয়ান দূতাবাসের কাছে স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করার খরচ ও সময় সম্পর্কে জানতে চায়। তখন দূতাবাস জানিয়েছিল, সাড়ে  নয় কোটি ভোটারের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করতে সময় লাগবে দুবছর। আর কানাডায় এসব  ব্যালট বাক্স বানাতে খরচ পড়বে প্রায় ৩৫ কোটি টাকা (পাঁচ মিলিয়ন মার্কিন ডলার)।

তিনি আরও জানান, নতুন কমিশন এখন ইইউর প্রস্তাব ও কানাডিয়ান দূতাবাসের প্রস্তাব দুই--ই যাচাই করে দেখছে। 

এর আগে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে ইইউর প্রস্তাব নির্বাচন কমিশন সরাসরি নাকচ করে দেয়। কয়েকটি রাজনৈতিক দল বরাবরই নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার দাবি করে আসছে।

সূত্রমতে, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের পক্ষে প্রধান যুক্তি ভোট কারচুপি রোধ করা। স্বচ্ছতার কারণে ব্যালট বাক্সগুলোতে আগে থেকে জাল ভোট ভরে রাখা যেমন সম্ভব হবে না তেমনি অতিরিক্ত ভোট পড়লে তা সহজেই ধরা পড়বে। এছাড়া এগুলো ওজনে হালকা বলে বহনও সহজ।

অন্যদিকে স্টিলের তৈরি ব্যালট বাক্সের স্থায়িত্ব বেশি হলেও ওজনে অনেক ভারী। তা ছাড়া নির্বাচনের পর অনেক দুর্গম এলাকার ভোট কেন্দ্র থেকে এগুলো আর  ফেরত আনা হয় না বলে  প্রচুর অপচয় হয়।

সম্প্রতি ইইউ আবারো বাংলাদেশের নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স সরবরাহ করার আগ্রহ দেখিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী এ তথ্য জানানোর পর বিষয়টি নতুন করে আলোচিত হচ্ছে।

কমিশন সূত্র জানায়, বাতিল হয়ে যাওয়া ২২ জানুয়ারির নির্বাচনের জন্য কমিশন দুই লাখ ২০ হাজার স্টিলের ব্যালট বাক্স ব্যবহার করার পরিকল্পনা নেয়। জয়দেবপুরের কারখানায় ৩৫ হাজার নতুন ব্যালট বাক্স বানানোও হয়। এর পেছনে ব্যয় হয়েছে তিন কোটির বেশি টাকা। পুরোনো ব্যালট বাক্সগুলোও মেরামত করা হয়।

ইইউ ২০০৪ সালে প্রথমে কমিশনকে হালকা ও সহজে বহনযোগ্য প্লাস্টিকের তৈরি স্বচ্ছ ব্যালট বাক্স বিনামূল্যে সরবরাহ করার প্রস্তাব দেয়। পরের বছর ইইউর একটি প্রতিনিধি দল তৎকালীন সিইসি এম এ আজিজকে ওই রকম একটি স্বচ্ছ ব্যালট বাক্স উপহার দেয়। তারা এ সব ব্যালট বাক্স ব্যবহার করার জন্য নির্বাচন কর্মকর্তাদের বিনামূল্যে প্রশিক্ষণের প্রস্তাবও দিয়েছিল। 

প্রসঙ্গত, রাজনৈতিক দাবির মুখে গত ৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত সিইসি বিচারপতি মাহফুজুর রহমানসহ পাঁচ নির্বাচন কমিশনার একযোগে পদত্যাগ  করেন। তারও আগে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজ ছুটিতে থাকা অবস্থায় ২১ জানুয়ারি পদত্যাগ করেন।

১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হওয়ার পরপরই ২২ জানুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ওই নির্বাচন বাতিল করা হয়।