বিএনপি ও আ. লীগের ২৩ শীর্ষ নেতা এখন কারাগারে
গত তিনদিনে যৌথবাহিনীর অভিযানে আটক বিএনপি ও আওয়ামী লীগের ২৩ জন শীর্ষস্থানীয় ও সাবেক সাংসদের মধ্যে ২১ জন আছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। যশোর ও খাগড়াছড়ি কারাগারে আছেন দুই সাবেক সাংসদ। তাদের বিরুদ্ধে একমাসের আটকাদেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে কারা কর্তৃপক্ষ আদালতের নির্দেশে ১৩ জনকে বিশেষ সুবিধার (ডিভিশন) ব্যবস্থা করেছেন।
পাশাপাশি যৌথবাহিনী সারাদেশে দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
এরইমধ্যে তারা সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব হারিছ চৌধুরী, সাবেক গণপূর্তমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক বিএনপি দলীয় সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও রশিদুজ্জামান মিল্লাত, সাবেক আওয়ামী লীগ দলীয় সাংসদ হাজী সেলিমের বাসায় গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এদের সবারই পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অভিযান চলে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজমের বাসাতেও। তাদেরকেও পায়নি যৌথ বাহিনী।
এদিকে মঙ্গলবার যৌথবাহিনীর হাতে আটক বিএনপি দলীয় সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও সাবেক সাংসদ আলী আসগার লবীকে বুধবার সকালে ক্যান্টনমেন্ট থানায় নেওয়া হয়েছে। দিনের কোনো এক সময়ে তাদের মহানগর মুখ্য হাকিম আদালতে নেওয়া হবে।
কারাগারে আটক নেতাদের মধ্যে রয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক পরিবেশমন্ত্রী ও বিএনপির সহসভাপতি তরিকুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালু ও বিএনপির সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সী,, জোট সরকারের তিন প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও আমান উল্লাহ আমান, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে সাবেক সাংসদ নাসের রহমান এবং সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ ভূঁইয়া।
আওয়ামী লীগ নেতাদের মধ্যে আছেন-- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারিখাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান, কেন্দ্রীয় উপকমিটির সহ--সম্পাদক সাবেক সাংসদ আ ন হ মোস্তফা কামাল (লোটাস কামাল), জাতীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ।
এ ছাড়াও রয়েছেন শেখ হাসিনার সহকারি একান্ত সচিব ড. আওলাদ হোসেন, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর সাত্তার টিংকু, সুধাসদনের কর্মচারি মাহমুদ হাসান বাবুল, মোহাম্মদ হাসান, সিবিএ নেতা ফিরোজ মিয়া, আবদুর রাজ্জাক, শীর্ষ সন্ত্রাসী শোয়েব সাঈদ ডীকন ও আওয়ামী লীগ তুরাগ থানার সভাপতি ও হরিরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশিম।
জরুরি ক্ষমতা অধ্যাদেশের ১৬ (২) ধারা অনুসারে বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি করে এসব রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে চক্রান্ত এবং দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করার অভিযোগ আনা হয়। এদের সবার বিরুদ্ধেই বিশেষ ক্ষমতা আইনের অধীনে ৩০ দিনের আটকাদেশ দেওয়ার প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জেলা ম্যাজিস্ট্রেট এটি অনুমোদন করার পর প্রত্যেক আটকাদেশের পরিপ্রেক্ষিতে একটি গ্রাউন্ড পেপার অভিযুক্তদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ওই গ্রাউন্ড পেপারে স্বাক্ষর করার পরই তাদের আটকাদেশের মেয়াদ শুরু হবে।
তবে আদালতে সাবেক মন্ত্রী, রাজনীতিবিদ ও আমলাদের অনেকেই আত্মপক্ষ সমর্থন করে অনেকেই নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। তারা বলেছেন, তারা রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করেননি বা দুর্নীতির সঙ্গেও জড়িত নন।
বাংলাদেশ দুর্নীতি বিরোধী সনদে সই
সোমবার রাতে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নেয়। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনায়েম সাংবাদিকদের জানান, জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদে সাক্ষর সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, দুর্নীতিবাজদের অনেকেই দেশের বাইরে চলে যায়, তখন কিছুই করার থাকে না। কিন্তু এই কনভেনশনে স্বাক্ষর করা হলে আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
বিএনপির প্রতিক্রিয়া
যৌথবাহিনীর সাম্প্রতিক অভিযানে গ্রেপ্তারকৃত দলীয় নেতা-- কর্মীদের মুক্তি চেয়েছেন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। দু‘দফা বিবৃতিতে তিনি কারও প্রচারণা ও দাবিতে প্রভাবিত হয়ে রাজনৈতিক নেতাকর্মীকে অযথা হয়রানি না করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি দলের সহ-- সভাপতি ব্যারিস্টার নাজমূল হুদা, তরিকুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ সাবেক সাংসদ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
আটককৃত বিএনপি নেতাদের কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগের প্রতিক্রিয়া
নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে সন্ত্রাসীদের গডফাদার ও দুর্নীতিবাজদের তালিকা প্রণয়নের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নফহবংি২৪.পড়স কে তিনি বলেন,“নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে সন্ত্রাসীদের গডফাদার ও দুর্নীতিবাজদের তালিকা করে যে দলের লোকদেরই ধরা হোক না কেনো তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না।”
ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগ প্রথম থেকেই সন্ত্রাসীদের গডফাদার ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছে।”
তিনি বলেন,“বিগত জোট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ অনেক নিরীহ মানুষের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে। আমরা চাই না আর কোনো নিরীহ লোক হয়রানির শিকার হোক।”
যৌথবাহিনীর অভিযান চলাকালে নির্দিষ্ট ব্যক্তিকে আটক করতে না পেরে তার পরিবারের সদস্যদের অযথা হয়রানি না করার জন্যও সরকারের প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।
