২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াদুদ ভূঁইয়াকে খাগড়াছড়ি কারাগারে পাঠানো হয়েছে

যৌথ অভিযানে গ্রেপ্তারকৃত খাগড়াছড়ির গডফাদার আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত সোমবার দুপুরে তাকে জেলা কারাগারে পাঠিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 10:46 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাবেক সাংসদ ও উন্নয়ন বোর্ড চেয়ারম্যান গডফাদার ওয়াদুদ ভূঁইয়াকে বিডিআর ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে রোববার রাত ২ টায় সদর থানা পুলিশে হস্তান্তর করে।

গভীর রাতে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বেলা ২ টায় কড়া পুলিশি নিরাপত্তায় ওয়াদুদ ভুঁইয়াকে সরাসরি আমলি আদালতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আহাম্মদ কবীরের আদালতে হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট আসামীর জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেন।

ফুলপ্যান্ট ও জ্যাকেট পরা অবস্থায় ওয়াদুদ ভূঁইয়াকে আদালতে হাজির করা হলে আসামীর কাঠগড়ায় না দাঁড়িয়ে আইনজীবীদের পেছনে তাকে বিমর্ষ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আসামী কাঠগড়ায় না দাঁড়ানোর কারণে অনেক আইনজীবী ক্ষোভ প্রকাশ করেন।

আদালত চলাকালে বিএনপির অল্প কয়েকজন নেতাকর্মি  সেখানে উপস্থিত ছিলেন।

জামিন আবেদনের শুনানিকালে খাগড়াছড়ির পুলিশ ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাকে বিশেষ আটকাদেশ দেওয়ার প্রস্তাব জানায়। পুলিশ একই সঙ্গে উচ্চ পর্যায়ের তদন্ত সেলে সাবেক সাংসদের সকল অনিয়ম -- দুর্নীতি তদন্ত করারও প্রস্তাব দেয়। 

আদালত পরবর্তী হাজিরা তারিখ ধার্য করেন ২২ ফেব্র“য়ারি।

খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ ভূইয়া, অ্যাডভোকেট নাছির উদ্দিনসহ ১০ জন আইনজীবী আসামীর জামিনের আবেদন জানান।

এ সময় রাষ্ট্রপক্ষের পিপি এসআই মিজানুর রহমান, এসআই মোর্শেদ পারভেজ তার জামিনের বিরোধিতা করেন।