২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সহকারি একান্ত সচিবকে আটকের প্রতিবাদ জানিয়েছেন জলিল

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সহকারি একান্ত সচিব ড. আওলাদ হোসেন, ব্যক্তিগত কর্মচারী মাহমুদ হাসান বাবুল এবং আওয়ামী লীগের কানাডা শাখার নেতা সারোয়ার হোসেনকে আটকের প্রতিবাদ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2007, 12:30 AM

Updated : 26 Apr 2022, 02:00 PM

তিনি আওলাদ হোসেনসহ আটক তিনজনকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার দলের উপ--দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুল জলিল বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসীদের গডফাদার এবং দূর্নীতিবাজদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে তাকে দলমত নির্বিশেষে সবাই স্বাগত জানিয়েছে।

কিন্তু ড. আওয়লাদ হোসেনসহ শান্তিপ্রিয় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিকদের আটক করার মতো ঘটনা অভিযানের মূল উদ্দেশ্যকেই ব্যাহত করবে।

সম্প্রতি আওয়ামী লীগের সাবেক সাংসদ তানজীম আহমেদ সোহেল তাজকে বিমান বন্দর থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনাকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।