২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে মুক্ত করতে কর্মসূচি ঘোষণার দাবি ঢাকা মহানগর আ'লীগের

আইনি লড়াইয়ের মাধ্যমে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে মুক্ত করা যাবে না বলে আশঙ্কা করছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা। এজন্য তারা জরুরি অবস্থার মধ্যেই 'নিয়মতান্ত্রিক কর্মসূচি' ঘোষণা করতে কেন্দ্রীয় কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 11:10 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনি লড়াইয়ের মাধ্যমে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে মুক্ত করা যাবে না বলে আশঙ্কা করছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা। এজন্য তারা জরুরি অবস্থার মধ্যেই 'নিয়মতান্ত্রিক কর্মসূচি' ঘোষণা করতে কেন্দ্রীয় কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ আহবান জানানো হয়। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ বৈঠকে সভাপতিত্ব করেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নিয়মতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করার দাবি জানিয়েছি।" শেখ হাসিনাকে মুক্ত করার জন্য দল আন্দোলনের দিকে যাচ্ছে কিনা- এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন,"নিয়মতান্ত্রিকভাবে যে কোনো কর্মসুচি হতে পারে।" কামরুল ইসলাম আরও বলেন, "আমরা নিয়মতান্ত্রিক দল। জরুরি অবস্থার মধ্যে আমরা অনিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি না। তবে, এক্ষেত্রে চুপ করে বসে থাকাও অন্যায় হবে।" বৈঠকে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের পদত্যাগ, জরুরি অবস্থা প্রত্যাহার ও ঢাকা বিশ্বাবদ্যালয়ের শিক্ষকদের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়। এছাড়া, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চলমান আন্দোলন বেগবান করারও সিদ্ধান্ত হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক নেতারা জানিয়েছেন। ব্যারিস্টার মইনুল হোসেনের পদত্যাগ দাবির বিষয়ে কামরুল ইসলাম বলেন, "তিনি রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। নিজের বক্তব্যের মাধ্যমে তিনি নির্বাচন নিয়ন্ত্রণ করতে চান। পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ওই উপদেষ্টা র‌্যাংগস ভবনের দুর্ঘটনায় ১১ জন শ্রমিক নিহত হওয়ার দায়িত্ব স্বীকার করেননি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এসএনডি/এমএ/১৭০৫ঘ.