২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর চান মান্নান ভূঁইয়া

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যত শিগগির সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধির কাছে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা হস্তান্তরের ওপর জোর দিয়েছেন বিএনপির সংস্কারপন্থী বলে পরিচিত অংশের নেতা আবদুল মান্নান ভূঁইয়া। শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা নরসিংদীর শিবপুরের জনগণের সঙ্গে ঈদের কুশল বিনিময়ের পর টেলিফোনে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সিনিয়র প্রতিবেদক সুমন মাহমুদকে বলেন, "যত শিগগির সম্ভব তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে- এটাই আমরা চাই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2007, 11:13 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যত শিগগির সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধির কাছে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা হস্তান্তরের ওপর জোর দিয়েছেন বিএনপির সংস্কারপন্থী বলে পরিচিত অংশের নেতা আবদুল মান্নান ভূঁইয়া। শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা নরসিংদীর শিবপুরের জনগণের সঙ্গে ঈদের কুশল বিনিময়ের পর টেলিফোনে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সিনিয়র প্রতিবেদক সুমন মাহমুদকে বলেন, "যত শিগগির সম্ভব তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে- এটাই আমরা চাই। নির্বাচন কমিশন তাদের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী দ্রুত ভোটার তালিকা করে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে- জাতি এই প্রত্যাশাই করছে।" বিএনপিতে ঐক্যের বিষয়ে মান্নান ভূঁইয়া বলেন, "আমি দলে ঐক্য ও সংস্কার দুটোই চাই। নির্বাচনে বিজয়ী হতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। পাশাপাশি দলকে শক্তিশালী ও গণতান্ত্রিক করতে সংস্কারও প্রয়োজন। দলের ভেতরে গণতান্ত্রিক ধারা বিদ্যমান থাকলে নেতাকর্মীদের মধ্যে ঐক্য দৃঢ় হয়।" ঈদে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কারাগারে থাকার বিষয়ে বিএনপির সাবেক মহাসচিব বলেন, "ম্যাডাম কারাগারে বলে এবারের ঈদও আমার কাছে নিরানন্দ। মন ভালো থাকার কথাও নয়। তবে আমি বিশ্বাস করি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে খালেদা জিয়া মুক্তি পাবেন।" শনিবার সকালে সড়কপথে ঢাকা থেকে নরসিংদী যান মান্নান ভূঁইয়া। সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। বিকেলে সড়ক পথে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এসি/১৭৪৮ ঘ.