ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষ কারাগারে বন্দি শেখ হাসিনা অসুস্থ। তার সুচিকিৎসা প্রয়োজন। হাসিনার ছোট ফুপু শেখ খাদিজা বেগম লিলি এ কথা জানিয়েছেন।
শুক্রবার ঈদের দিন বিকেলে সংসদ ভবনে বিশেষ কারাগারে হাসিনার সঙ্গে দেখা করেন খাদিজা বেগম। শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়াও তার সঙ্গে ছিলেন।
শনিবার সকালে খাদিজা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনা অসুস্থ। দু'চোখে সমস্যা রয়েছে। তার সুচিকিৎসা প্রয়োজন।''
শেখ হাসিনার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, "হাসিনা যেনো সসম্মানে বেরিয়ে আসতে পারে সেজন্য জনগণের দোয়া চাই।"
খাদিজা বেগম লিলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন। পাঁচ ভাইবোনের মধ্যে তিনিই কেবল জীবিত আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এসএনডি/১৫১০ ঘ.
bdnews24