ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রতিমন্ত্রী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, তার স্ত্রী মমতাজ আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জন এবং সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার রমনা ও গুলশান থানায় মামলা দুটি দায়ের করা হয়।
এলডিপি নেতা রেদোয়ান ও তার স্ত্রীর বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন কমিশনের সহকারি পরিচালক শাহীন আরা মমতাজ।
মামলার এজাহারে বলা হয়েছে, রেদোয়ান আহমেদ কমিশনের কাছে জমা দেওয়া হিসাব বিবরণীতে ১ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৮২৮ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তিনি জানা আয়ের বাইরে ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকার সম্পত্তি অর্জন করেছেন। তার এই কাজে স্ত্রী মমতাজ আহমেদ সহযোগিতা করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গুলশান থানায় শাহরিন ইসলামের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন কমিশনের সহকারি পরিচালক মো. তৌফিকুল ইসলাম। মামলার বিবরণে বলা হয়, তুহিন কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে ১ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ৯৬৪ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। এছাড়াও তিনি জানা আয়ের বাইরে ২ কোটি ৮ লাখ ৫৪ হাজার ৭১৪ টাকার সম্পত্তি অর্জন করেছেন।
তুহিনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে আরেকটি মামলার বিচার কাজ চলছে। তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্র"য়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নীলফামারী-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
রেদোয়ান আহমেদ বর্তমানে কারাগারে আটক থাকলেও তুহিন পলাতক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এলএইচ/এমএআর/এমএ/১৮১০ ঘ.
bdnews24