ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে বন্দি সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার সঙ্গে ঈদের দিন মোট ১৭ জন দেখা করার অনুমতি পেয়েছেন।
ওই দিন শেখ হাসিনার সঙ্গে ১০জন এবং খালেদা জিয়ার সঙ্গে সাতজন দেখা করবেন।
উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দীকি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বুধবার এ তথ্য জানিয়ে বলেন, "যারা অনুমতি পেয়েছেন তারা প্রত্যেকেই ঈদের দিন দেখা করার সুযোগ পাবেন। তবে একসঙ্গে সবাইকে দেখা করার সুযোগ দেওয়া হবে কিনা সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।"
শেখ হাসিনার সঙ্গে তার স্বামী ওয়াজেদ মিয়া, ফুপাতো বোন মনজিলা রহমান, চাচী বেগম জেবুন্নেছা, চাচাত বোন জোবেদা মাহবুব, ননদ জাহানারা বেগম, মামা আকতার হোসেন, নাতি সামসুর রহমান টুটুল, ভাতিজা ফজলে নূর তাপসের স্ত্রী, দুই নাতনী শাহনাজ ইয়াসমীন ও শামীমা আকতার শামু দেখা করার অনুমতি পেয়েছেন।
খালেদা জিয়ার সঙ্গে যারা দেখা করার অনুমতি পেয়েছেন তারা হলেন, আরাফাত রহমান কোকোর শ্বশুর মোকাররম রেজা, ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, কোকোর দুই মেয়ে জাফরিন রহমান ও জাফিয়া রহমান, তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কোকোর স্ত্রী শর্মিলা শারমিন তাবাসসুম।
গত ঈদুল ফিতরের দিন শেখ হাসিনার সঙ্গে ১০ জন এবং খালেদা জিয়ার সঙ্গে পাঁচজন দেখা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএ/১৭৩৭ঘ.
bdnews24