ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাগারে আটক শেখ হাসিনা ঈদ-উল আজহার দিন টেলিফোনে দেশের বাইরে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানার সঙ্গে টেলিফোনে কথা বলতে চেয়েছেন।
এজন্য বুধবার আওয়ামী লীগের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ ফ্যাক্সবার্তার মাধ্যমে কারা মহাপরির্দশকের কাছে এ আবেদন করেন।
উপ কারা মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দীকি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে আবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, "বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
আবেদনে শেখ হাসিনার জন্য স্যাটেলাইট চ্যানেল দেখার এবং কম্পিউটার ব্যবহারের সুযোগ দেওয়ার অনুরোধও জানানো হয়। এজন্য প্রয়োজনে আওয়ামী লীগের পক্ষ থেকে কারাগারে ল্যাপটপ সরবরাহের কথা বলা হয়েছে।
শেখ হাসিনা আটক হওয়ার পর এর আগে ১৬ অক্টোবর টেলিফোনে একবার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে কথা বলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমআই/এমএ/১৭১৩ ঘ.
bdnews24