২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের মামলায় মঞ্জুর বিরুদ্ধে অভিযোগপত্র

কোটি টাকা ঘুষের মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এতে মঞ্জুর স্ত্রী তাসমীমা হোসেন ও চাচাতো ভাই মাহমুদ হোসেনকেও অভিযুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 01:44 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কোটি টাকা ঘুষের মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এতে মঞ্জুর স্ত্রী তাসমীমা হোসেন ও চাচাতো ভাই মাহমুদ হোসেনকেও অভিযুক্ত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আবু সাঈদ বুধবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ অভিযোগপত্র দেন। ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী এটি গ্রহণ করেন। এর আগে ঢাকার একটি আদালত এক মাদক মামলায় আনোয়ার হোসেন মঞ্জুকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে। অভিযোগপত্রে বলা হয়, ১৯৯৬ সালে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশন সর্বনিম্ন দরদাতা হিসাবে কুড়িগ্রাম জেলায় ধরলা নদীর ওপর একটি সেতু নির্মাণের কাজ পায়। এর কিছুদিন পর যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ওই প্রতিষ্ঠানের মালিক আমিন আহমেদ ভূইঞাকে তার ধানমন্ডির বাসায় ডেকে পাঠিয়ে এক কোটি টাকা ঘুষ দাবি করেন। অভিযোগে বলা হয়, ঘুষ না দিলে ওই কাজের আদেশ বাতিল করার হুমকি দেন মঞ্জু। ঘুষের টাকা তিনি 'আজিজ টেক্সটাইল মিলস' নামের একটি প্রতিষ্ঠানকে পে অর্ডার করতে বলেন। মঞ্জু, তার স্ত্রী তাসমিমা, মেয়ে সীমা চৌধুরী ও চাচাতো ভাই মাহমুদ হোসেন ওই টেক্সটাইল মিলের মালিক বলে অভিযোগপত্রে বলা হয়েছে। আমিন আহমেদ ২০০০ সালের ২০ ফেব্র"য়ারি এক কোটি ২০০ টাকার একটি চেক ওই প্রতিষ্ঠানে পাঠিয়ে দেন বলে এতে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে মঞ্জুর মেয়ে সীমা চৌধুরীকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। কমিশনের সহকারী পরিচালক ফাইয়াজ আলম চলতি বছরের ২৫ জুলাই ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করেন। আসামিদের সবাই পলাতক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/জেকে/এসকে/১৯৩৯ঘ.