২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসের আগেই হাসিনার মুক্তি দাবি

মহান বিজয় দিবসের আগেই শেখ হাসিনার মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। শেখ রেহানার বিরুদ্ধে করা মামলাও প্রত্যাহার এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 03:01 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মহান বিজয় দিবসের আগেই শেখ হাসিনার মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। শেখ রেহানার বিরুদ্ধে করা মামলাও প্রত্যাহার এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। রোববার সন্ধ্যায় দলটির কার্যনির্বাহী সংসদের সভায় এই দাবি জানিয়ে বলা হয়, সভানেত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে 'মিথ্যা ও ভিত্তিহীন'। আইনি ও সাংবিধানিক লড়াইয়ের মাধ্যমে তাকে মুক্ত করা হবে। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তিন ঘণ্টা চলা বৈঠক শেষে একটি সাদা কাগজে লেখা বৈঠকের কিছু সিদ্ধান্ত সাংবাদিকদের হাতে দেওয়া হয়। আওয়ামী লীগ দেশব্যাপী রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবানও জানিয়েছে। এ ছাড়া এই বেঠক থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সারসহ কৃষি উপকরণ সরবরাহের দাবি জানানো হয়েছে। জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধীরা এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারকারী হিসাবে আখ্যায়িত করে দলটিকে নিবন্ধন না দেওয়ার জন্যও নির্বাচন কমিশনের কাছে আহবান জানিয়েছে কার্যনির্বাহী সংসদ। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিও জানানো হয়েছে। বৈঠকে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২০৫২ ঘ.