ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিজেকে নির্দোষ দাবি করেছেন আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে বিচারের জন্য এসে নিজের আইনজীবীদের কাছে আলাপকালে এ দাবি করেন তিনি। এসময় জনগণের কাছে দোয়াও চেয়েছেন শেখ হাসিনা। সোমবার সংসদ ভবনে স্থাপিত ঢাকা মহানগর জজ আদালতে অভিযোগ গঠনের শুনানির পরবর্তি দিন ধার্য করা হয়েছে আগামী ৯ ডিসেম্বর। (আরো তথ্যসহ)
শেখ হাসিনা বলেছেন, "আমি আমার কথা ভাবি না, দেশের মানুষের কথা ভাবছি। তারা যেন ভালো থাকে। আমি নির্দোষ। আমাকে নির্বাচনে অংশ গ্রহণ থেকে বিরত রাখতে যড়যন্ত্রমূলকভাবে মামলাটি করা হয়েছে।"
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামলার কৌশলি জিল্লুর রহমান ও ব্যারিস্টার শফিক আহমেদ সভানেত্রীকে উদ্ধৃত করে এ কথা বলেন।
স্থানান্তরিত এজলাসে বিচারের জন্য হাজির হয়ে শেখ হাসিনা তাদের সঙ্গে আলাপে একথা বলেছেন বলে সাংবাদিকদের জানান উভয় আইনজীবী।
দুপুর ১টা ১০ মিনিটে শেখ হাসিনাকে এজলাসের কক্ষ থেকে বিশেষ কারাগারে নেওয়ার পর জিল্লুর রহমান সাংবাদিকদের কাছে বলেন, "আমাদের নেত্রীকে বিশেষ কারাগারে নিঃসঙ্গ রাখা হয়েছে। তাকে হাঁটা-চলা করতে দেওয়া হয়না। বিশেষ কারাগারের নিচেও নামতে দেওয়া হয় না বলে তিনি আমাকে বলেছেন।''
জিল্লুর বলেন, নেত্রী আমাকে বলেছেন, "আমি আমার কথা ভাবি না, দেশের মানুষের কথা ভাবছি। তারা যেন ভালো থাকে।''
গত ১৬ জুলাই শেখ হাসিনাকে ধানমন্ডির সুদা সদন থেকে গ্রেপ্তার করার পর থেকে ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে তার এটাই প্রথম সাক্ষাৎ।
এজলাস থেকে বেরিয়ে ব্যারিস্টার শফিক সাংবাদিকদের বলেন,''নেত্রী দক্ষিণাঞ্চলের ঘূর্ণিদূর্গত মানুষজন কেমন আছেন তা জানতে চেয়েছেন আমাদের কাছে ।'' তিনি আরও বলেন, নেত্রী নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন নির্বাচন থেকে বিরত রাখতে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা দেওয়া হয়েছে।
সোমবার সকাল ৯টা ৩৫ মিনিটে শেখ হাসিনা এজলাসের কাঠগড়ায় এসে দাঁড়ালে জিল্লুর রহমান নেত্রীকে সালাম দিয়ে তার কানে কানে কিছু কথা বলেন।
প্রসঙ্গত, শেখ হাসিনা মামলার পরিচালনার জন্য যে আইনজীবী প্যানেল তৈরি করা হয়েছে জিল্লুর রহমান তার অন্যতম। উল্লেখ করা যেতে পারে তিনি একজন অ্যাডভোকেটও।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসকে/১৫২৩ঘ.
bdnews24