২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি বিকল্পধারার

বিকল্পধারাও স্বাধীনতাবিরোধী এবং যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচনী সংষ্কার আইন নিয়ে অনুষ্ঠিত রাজনৈতিক সংলাপে দলটি এ দাবি জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 06:24 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিকল্পধারাও স্বাধীনতাবিরোধী এবং যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচনী সংষ্কার আইন নিয়ে অনুষ্ঠিত রাজনৈতিক সংলাপে দলটি এ দাবি জানায়। রোববার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এ সংলাপে বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান তার দলের বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় তাকে সহযোগিতা করেন সাবেক সাংসদ মাহী বি চৌধুরী। বিকল্পধারার অন্যান্য প্রস্তাবের মধ্যে ছিল নির্বাচনে দলীয় প্রতীকের বদলে প্রার্থীর প্রতীক ব্যবহার করা, প্রতি ভোট কেন্দ্রে একজন করে এজেন্ট নিয়োগ, ভোট গ্রহণের দিন মোবাইল ফোন চালু রাখা, একই নামে ব্র্যাকেটবন্দি একাধিক দলকে নিবন্ধন না দেওয়া, দুই বছর পরপর দলের কাউন্সিল অনুষ্ঠান বাধ্যতামূলক করা, জাতীয় নির্বাচনে ১০ থেকে ৩০ ভাগ মহিলা প্রার্থীর সরাসরি মনোনয়ন দেওয়া, কোনো প্রার্থীকে দুই আসনের বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়া, সন্ত্রাস ও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত প্রার্থীকে পরপর দুটি নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, প্রার্থীর নির্বাচনী ব্যয় আসনপ্রতি ১ লাখ টাকা করা। সংলাপে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। এতে অন্য দুই কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, নির্বাচন কমিশন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এএল/জিএনএ/১২০০ ঘ. গত ১২ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এ সংলাপ শুরু হয়। বিকল্প ধারাসহ এ পর্যন্ত মোট ১৪টি রাজনৈতিক দল এতে অংশ নিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এএল