ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় কর্মজীবীদের ভোটার করতে মাঠকর্মীদের রাতের বেলাও তথ্য সংগ্রহ করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো বাড়িতে ঢুকতে যাতে সমস্যা না হয় সেজন্য মাঠকর্মীদের পরিচয়পত্র সঙ্গে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, গত ২০ নভেম্বর থেকে ডিসিসির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত তা চলবে। এরপর ১ ডিসেম্বর থেকে নিবন্ধন কেন্দ্রে ভোটারদের ছবি তোলা ও আঙুলের ছাপ নেওয়া শুরু হবে।
ঢাকায় কর্মজীবীদের দিনের বেলা বাসায় পাওয়া যাচ্ছে না বলে জানিয়ে উপ নির্বাচন কমিশনার বলেন, "এজন্য আমরা তথ্য সংগ্রহকারীদের রাতে ভোটার ফরম পূরণ করারও নির্দেশ দিয়েছি। এছাড়া, শুক্র ও শনিবারও পুরোদমে কাজ চলছে।"
২৫ নভেম্বর পর্যন্ত ছয় দিনে সাত লাখ ৩৭ হাজার ৭২টি ফরম ভোটাদের কাছে বিলি করা হয়েছে বলে তিনি জানান।
লুৎফর রহমান বলেন, "তথ্য সংগ্রহের সময় যারা ফরম পাবেন না, তারা সরাসরি নিবন্ধন কেন্দ্রে গিয়ে ফরম পূরণ করতে পারবেন। এটি একটি অব্যহত প্রক্রিয়া, আশা করছি শেষ পর্যন্ত কেউই বাদ পড়বেন না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/এমএ/১৮০৫ ঘ.
bdnews24