ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দ্বিধাবিভক্ত বিএনপির 'ঐক্য প্রক্রিয়ার' সম্ভাবনা নাকচ করে দিয়েছেন খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তিনি বলেছেন, গঠনতন্ত্র অনুযায়ী তিনিই দলের বৈধ মহাসচিব। এ পদে অন্য কারো বৈধতা নেই। বিএনপি ঐক্যবদ্ধই আছে; তবে কতিপয় নেতা ভিন্নমত পোষণ করে ভিন্নপথ ধরেছে। এতে দলের কোনো বিভক্তি ঘটেনি।
রোববার দুপুরে সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে তিনি এসব বলেন।
২৯ অক্টোবর গুরুতর অসুস্থ হয়ে এই সাবেক প্রধান হুইপ বারডেম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর পর থেকে তিনি সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কোনো কথা বলেননি। ২৮ দিন পর সুস্থ হয়ে এই প্রথম তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বললেন।
এ সময় খোন্দকার দেলোয়ার দক্ষিণাঞ্চলে দুর্যোগ মোকাবেলায় আরো সক্রিয় ও ত্রাণ তৎপরতা জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ ছাড়া দুর্যোগপূর্ণ জেলাগুলোতে কৃষিঋণ মওকুফ ও বেসরকারি সংস্থা প্রদত্ত ঋণ আদায়ের কার্যক্রম স্থগিত রাখারও অনুরোধ জানান তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় খোন্দকার দেলোয়ার নির্বাচন কমিশনের বর্তমান নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন। বিশেষ করে বিএনপির বৈধ মহাসচিবকে সংলাপে বসার জন্য চিঠি না দিয়ে ভিন্ন অংশকে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
এ বিষয়ে খোন্দকার দেলোয়ার বলেন, "কমিশন এক্ষেত্রে অবৈধ কাজ করেছে। তারা গঠনতন্ত্র উপেক্ষা করে 'বিশেষকারণে' অবৈধ অংশকে চিঠি দিয়েছে।"
কমিশনের এরকম অবস্থানে আগামীতে তাদের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হওয়ার বিষয় নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
খোন্দকার দেলোয়ার নয়া পল্টনে দলীয় কার্যালয় খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি পুনরায় দাবি জানিয়েছেন।
তিনি অভিযোগ করেন, "অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশ প্রহরায় চর দখলের মতো তারা দলীয় কার্যালয়ে অনুপ্রবেশ করেছিল। দলের নেতাকর্মীরা তাদের সঙ্গে নেই।"
তিনি দাবি করেন, "ওই অংশটির সঙ্গে বর্তমানে কর্মীদের সম্পর্ক নেই। নেতার সংখ্যাও গুটিকয়েক।"
সাবেক প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থাকে নাজুক অভিহিত করে বলেন, "দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে আয়ের কোনো সংগতি নেই। মুদ্রাস্ফীতি অন্যান্য দেশের তুলনায় বেড়েই চলেছে। অর্থনীতির এই অধঃগতি দেশের জন্য শুভ নয়।"
এক প্রশ্নের জবাবে তিনি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের নেতৃত্বে 'খালেদা জিয়া মুক্তি পরিষদ' গঠন সম্পর্কে কিছু জানেন না বলেও মন্তব্য করেন।
শনিবার দেলোয়ারপন্থী ওই সাবেক সেনাকর্মকর্তা খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে অংশ না নেওয়া ও কথিত ঐক্যপ্রক্রিয়ার বিপক্ষে জনমত গড়ে তুলতে 'খালেদা জিয়া মুক্তি পরিষদ' গঠনের ঘোষণা দেন। রোববার এই ঘোষিত নতুন সংগঠনটির ১৪ দফা ঘোষণাপত্র প্রকাশ করার কথা রয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সাবেক সাংসদ মো. শাহজাহান জুয়েল, আব্দুল মমিন তালুকদার, অধ্যক্ষ সোহরাব হোসেন, শিরিন সুলতানা ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/১৩৩০ ঘ.
bdnews24