২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গত এলাকাকে 'দুর্যোগপূর্ণ এলাকা' ঘোষণা করুন: তোফায়েল

ঘূর্ণিঝড় দুর্গত এলাকাকে 'দুর্যোগপূর্ণ এলাকা' ঘোষণা করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। একইসঙ্গে পরিস্থিতি মোকাবেলায় বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 10:06 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় দুর্গত এলাকাকে 'দুর্যোগপূর্ণ এলাকা' ঘোষণা করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। একইসঙ্গে পরিস্থিতি মোকাবেলায় বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত যুবলীগের এক সভায় তোফায়েল আহমেদ এ দাবির কথা জানান। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভাটি সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে। প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন,"ঘূর্ণিঝড় দুর্গত এলাকাকে 'দুর্যোগপূর্ণ এলাকা' হিসাবে ঘোষণা করতে হবে। একইসঙ্গে পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সরকারকে বাস্তবসম্মত ব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।" তিনি বলেন,"আমরা দুর্গত মানুষের দুঃখ কষ্ট নিয়ে রাজনীতি করতে চাই না। আমরা আর্ত-মানবতার সেবা করতে চাই। মানবতার সেবায় দুর্গতদের পাশে আমরা দাঁড়াবো। আমরা দলীয় নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করবো। রাজনৈতিক দল হিসাবে আমরা মানুষের সাহায্য-সহযোগিতা নিয়েই চলি।" 'জরুরি আইন ত্রাণ বিতরণে কোনো বাধা হবে না' সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন উ আহমদের এই বক্তব্য উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, "দলমত নির্বিশেষে সকলকে কাজ করতে হবে। প্রশাসনকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। রাজনীতি ভুলে গিয়ে সকলকে মানুষের পাশে দাঁড়াতে হবে।" এই ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০ সালের ক্ষয়ক্ষতির পরিমাণকে ছাড়িয়ে গেছে বলেও দাবি করেন তোফায়েল। তিনি বলেন, "এর আগে বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা দেখেছি আমাদের সভানেত্রী সবার আগে ছুটে গেছেন। আজ তিনি কারাবন্দি।" এদিকে, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়াকে আহ্বায়ক এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এস এ মান্নান কচিকে সদস্য সচিব করে একটি ত্রাণ কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সংগঠনটির সভাপতিমণ্ডলীর বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমএ/১৬০০ঘ.