ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারা অন্তরীণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার সম্পত্তির হিসাব চেয়ে দূর্নীতি দমন কমিশনের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন।
বৃহস্পতিবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের আহম্মেদ চৌধুরীর বেঞ্চের অনুমতি নিয়ে সংশ্লিষ্ট শাখায় বেগম খালেদা জিয়ার আইনজীবী রিটটি দায়ের করেন।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন রিট দায়েরের কথা জানিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী রোববার রিটটির শুনানি হতে পারে।"
তিনি এ ব্যাপারে আর কিছু জানাতে অস্বীকৃতি জানান।
১৮ জুলাই দূর্নীতি দমন কমিশন (দুদক) সম্পদের হিসাব চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দেয়।
সাত কার্যদিবসের মধ্যে হিসাব জমা দেওয়ার কথা থাকলেও খালেদা জিয়া সম্পত্তির হিসাব বিবরণী জমা দেন ৬ আগস্ট ।
গ্যাটকো দুর্নীতি মামলায় ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/এমএসবি/এমএইচবি/১২০৫ ঘ.
bdnews24