২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ পরিস্থিতি নিয়ে রাজনীতিকদের সঙ্গে আলোচনা নয়: তপন চৌধুরী

ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় রাজনীতিকদের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেনেন্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 06:53 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় রাজনীতিকদের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেনেন্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। মঙ্গলবার দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের এক সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা তপন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্যসামগ্রী সরাসরি দুর্গত মানুষের কাছে ত্রাণ হিসেবে দিতে পারেন। তাই তাদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে। কিন্তু রাজনীতিকদের এমন কোন সম্পৃক্ততা নেই। তাই তাদের সঙ্গে বৈঠকেরও কোন প্রয়োজন নেই। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেওয়া জেনারেল মাসুদও বলেন, "রাজনীতিবিদদের সঙ্গে বৈঠকের প্রয়োজন আছে বলে আমি মনে করি না।" 'ত্রাণ তৎপরতায় অংশ নেওয়া রাজনীতিকরা ব্যানার বহন করতে পারবেন কি না' এ প্রশ্ন করা হলে তিনি বলেন, গত বন্যার সময়ে সরকার ত্রাণ তৎপরতায় অংশ নেওয়া রাজনীতিকদের জন্য ব্যানার বহন নিষিদ্ধ করেছিল। এ সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, এমন কোন তথ্য আমার কাছে নেই। তবে তারা সমাজের প্রতিনিধি হিসেবে ত্রাণ তৎপরতায় অংশ নিতে পারবেন। রাজনৈতিক দলের ত্রাণ তহবিলে দেওয়া ত্রাণ সামগ্রীকে চাঁদা হিসেবে গণ্য করা হতে পারে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা কার তহবিলে ত্রাণসামগ্রী দিল তা বিষয় নয়, দুর্গতরা ত্রাণসাহায্য পেলেই হল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচবি/০০৩৫ ঘ.