২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসানীর ৩১ তম মৃত্যুবার্ষিকী উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় শনিবার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩১ তম মৃত্যুবার্ষিকী উদযাপিত হয়েছে। টাঙ্গাইলের সন্তোষে নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নেতা-কর্মীরা। কবর প্রাঙ্গণে মিলাদ-মাহফিল ও আলোচনা সভাও হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 11:26 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৭(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যথাযোগ্য মর্যাদায় শনিবার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩১ তম মৃত্যুবার্ষিকী উদযাপিত হয়েছে। টাঙ্গাইলের সন্তোষে নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নেতা-কর্মীরা। কবর প্রাঙ্গণে মিলাদ-মাহফিল ও আলোচনা সভাও হয়েছে। রাজধানীতে শনিবার বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক লীগ, ঋষিজ শিল্পীগোষ্ঠী, ভাসানী অনুসারী মঞ্চ ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী ) পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠানে মজলুম জননেতার বর্নাঢ্য জীবন ও কর্মের ওপর আলোচনা করে। সন্তোষে শনিবার সকালে মাওলানা ভাসানীর কবরে ফুল দিতে যান নেতা-কর্মীরা। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী , জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদসহ জেলা আওয়ামী লীগ, সংস্কারপন্থি বিএনপি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, ভাসানী স্মৃতি সংসদ, টাঙ্গাইল জেলা প্রশাসক, পৌরসভা, প্রেস ক্লাব প্রভৃতি সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। কবর প্রাঙ্গনে এক সঙ্গে ২০ জনের বেশি লোক ঢুকতে দেয়নি প্রশাসন। মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে পুলিশি নিরাপত্তাও ছিল। এদিকে বিএনপির স্থায়ী কমিটির মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান ও অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মজলুম জননেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এসি/১৭১৯ ঘ.