২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে সাবেক প্রতিমন্ত্রী টুুকুর ৯ বছরের কারাদণ্ড

দুর্নীতির দায়ে বিএনপি নেতা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ৯ বছরের কারাদণ্ড, ৫০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ রায় দেন। টুকুকে অবৈধভাবে সম্পত্তি অর্জনের জন্য ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং সম্পত্তির তথ্য গোপনের জন্য দুই বছরের সাজা দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 10:32 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-দুর্নীতির দায়ে বিএনপি নেতা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ৯ বছরের কারাদণ্ড, ৫০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ রায় দেন। টুকুকে অবৈধভাবে সম্পত্তি অর্জনের জন্য ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং সম্পত্তির তথ্য গোপনের জন্য দুই বছরের সাজা দেয়া হয়। তার অবৈধ সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়া হয়েছে। আসামির আটকের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। টুকু ৩ ফেব্র"য়ারি যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হন। এ মামলার অন্য তিন আসামি টুকুর স্ত্রী রোমানা মাহমুদ, ছেলে আবেদ হাসান মাহমুদ ও মেয়ে সারা হাসিন মাহমুদের বিরুদ্ধে বিচার কাজের ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. রফিকুল হক বেনু। আসামির পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি এবং ড. আজিজুর রহমান চৌধুরী। চলতি বছরের ২১ মার্চ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপন করার অভিযোগে টুকু ও তার পরিবাবের সদস্যদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর কমিশনের উপ-পরিচালক এসএম আখতার হামিদ ভূঞা গত ২৮ জুন মহানগর হাকিম আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। গত ১৫ জুলাই সংসদ ভবনের বিশেষ জজ আদালতে এ মামলার অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২৩ জুলাই থেকে। ৪ নভেম্বর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর বিচারক রায় দেওয়ার এ দিন ধার্য করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসকে/১৬১৪ঘ.