ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপির কথিত সংস্কারপন্থী অংশ সরকারের ছত্রছায়ায় 'চোরের মত' কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়াপন্থী অংশের নেতা রিজভী আহমেদ।
খালেদাপন্থী অংশের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কার্যালয়ে সাইফুর রহমানের নেতৃত্বে সংস্কারপন্থীদের প্রবেশের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, "তারা পুলিশি ছত্র ছায়ায় চোরের মতো বিএনপির কার্যালয়ে ঢুকেছে। আবার ভীরু কাপুরুষের মতো পালিয়ে গেছে।"
'কাশিম বাজার কুঠির ষড়যন্ত্রের' মতোই কিছু নেতা এই কাজ করেছেন বলে মন্তব্য করেন তিনি।
বুধবার দুপুরে সংসদ ভবনের ন্যাম ফ্লাটে খন্দকার দেলোয়ার হোসেনের বাসায় সংবাদ ব্রিফিংয়ে রিজভী আহমেদ অভিযোগ করে বলেন,"তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং প্রশাসন একত্রিত হয়ে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।"
তিনি সরকারের নিন্দা করে বলেন, "আজ (বুধবার} সকাল থেকে কয়েক হাজার পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সাদা পোশাক ধারীরা বিএনপি অফিসের সামনে ও আশেপাশে অবস্থান নেয়। তারা গুটি কয়েক ষড়যন্ত্রকারী নেতাকে দলীয় কার্যালয়ে ঢুকতে সহযোগিতা করেছে।"
রিজভী আহমেদ দাবি করেন, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ষড়যন্ত্রকারীদের প্রবেশের সময় প্রতিবাদ জানানোর কারণে পুলিশ মোহাম্মদপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুসসহ তিন নেতাকর্মীকে আটক করেছে।
বিএনপির কার্যালয়টি দীর্ঘদিন ধরে দলের পরীক্ষত নেতাকর্মীরা পাহারা দিয়ে আসছিল দাবি করে তিনি বলেন, "আমি এবং অনেক নেতাকর্মী পার্টি অফিসে যেতে চাইলে যেতে বাধা দেওয়া হয়। যারা পুলিশি বেষ্টনীর মধ্যে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল তারা বিএনপির ও অঙ্গ সংগঠনের কেউ নয়। তাদের কারো কারো হাতে ব্যাগ ছিল। দেখে মনে হয়েছে দক্ষিণাঞ্চল থেকে তারা সকালেই ঢাকায় এসেছে।"
খালেদা জিয়ার নেতৃত্বকে দুর্বল করতেই সরকার ও কিছু ষড়যন্ত্রকারী নেতা দলে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে অভিযোগ তুলে তিনি বলেন, " তারপরও বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার নেতৃত্বে তার মনোনীত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। পুলিশি নিপীড়ন নির্যাতনে তাদেরকে আদর্শ থেকে সরানো যাবে না।"
এক প্রশ্নের জবাবে রিজভী আহমেদ বলেন, "বিএনপি নিয়মতান্ত্রিক ও সাংবিধানিক গণতন্ত্রে বিশ্বাস করে। তাই আমরা অহিংস নীতির মতো এই ঘৃণ্য ও ন্যক্কারজনক কর্মকাণ্ডের প্রতিবাদ করে যাব। "
সংবাদ ব্রিফিংয়ে খন্দকার বাবুল চৌধুরী, শাহজাদা সম্রাট, মনির হোসেন, মহিউদ্দিন খান মোহনও ব্যারিস্টার নাজিমুল আলম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচএস/আরএ/জিএনএ/১৫২০ ঘ.
bdnews24