২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৮ ঘণ্টার মধ্যে চিঠি প্রত্যাহার করুন: ইসিকে খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে দেওয়া সংলাপের চিঠি প্রত্যাহার করতে নির্বাচন কমিশন ও সরকারকে উকিল নোটিশ দিয়েছেন। মঙ্গলবার দেওয়া ওই নোটিশে চিঠি প্রত্যাহার করতে ৪৮ ঘন্টা সময় বেধে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 01:47 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে দেওয়া সংলাপের চিঠি প্রত্যাহার করতে নির্বাচন কমিশন ও সরকারকে উকিল নোটিশ দিয়েছেন। মঙ্গলবার দেওয়া ওই নোটিশে চিঠি প্রত্যাহার করতে ৪৮ ঘন্টা সময় বেধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে চিঠি প্রত্যাহার করা না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন খালেদা জিয়া। বিএনপির গঠনতন্ত্র অনুসরণ না করেই মেজর হাফিজ উদ্দিনকে আলোচনার আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে উকিল নোটিশ দিয়েছেন ব্যারিস্টার নওশাদ জমির। প্রধান নির্বাচন কমিশনার, দুই নির্বাচন কমিশনার, নির্বাচন কশিনের সচিব ও প্রধান উপদেষ্টার মূখ্য সচিবকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, গত ২ সেপ্টেম্বর খালেদা জিয়া বিএনপির গঠনতন্ত্রের ৫(গ) ও ৮(খ) অনুচ্ছেদ অনুযায়ী মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করেছেন। একইদিন তিনি খোন্দকার দেলোয়ার হোসেনকে দলের মহাসচিব নিয়োগ করেন। পরে ৫ ও ২৪ সেপ্টেম্বর এ বিষয়টি জানিয়ে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ নির্বাচন কমিশনকে চিঠি দেন। এতে সংস্কার বা বিএনপি নিয়ে যে কোন আলোচনার জন্য দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী খালেদা জিয়া দলের মহাসচিব মনোনীত বা বরখাস্ত করার এখতিয়ার রাখেন। এ ক্ষমতাবলে তিনি দেলোয়ার হোসেনকে দলের মহাসচিব নিয়োগ করেছেন। খালেদা জিয়ার অবর্তমানে দেলোয়ার হোসেনই প্রস্তাবিত সংলাপে বিএনপির প্রতিনিধিত্ব করার বৈধ প্রতিনিধি। ১১ নভেম্বর একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিএনপিকে সংলাপে ডাকতে দলের গঠনতন্ত্র কেন মানা হবে তার কারণ জানাতে ইসির প্রতি রুল জারি করে। খোন্দকার দেলোয়ারকে মহাসচিব মনোনীত করার ও হাইকোর্টের রুল জারির বিষয়টি জানা সত্ত্বেও ৫ নভেম্বর ইসি তাড়াহুড়ো করে মেজর হাফিজ উদ্দিনকে আলোচনায় আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে। এছাড়া ইসির দেখানো যুক্তি ডকট্রিন অব নেসেসিটি এ ক্ষেত্রে প্রাসঙ্গিক নয় বলেও নোটিশে উল্লেখ রয়েছে। নির্বাচন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির আলোচনার সময়সূচি অনুযায়ী আগামী ২২ নভেম্বর বিএনপির সঙ্গে সংলাপে বসার কথা। এ জন্য গত ৫ নভেম্বর বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে সংলাপে যাওয়ার আমন্ত্রণ জানায় ইসি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএসবি/এমএইচবি/১৯৩৮ ঘ.