ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বলেছেন , খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে দলের কার্যক্রম চলবে। রিজভী বলেন , "যারা দলের নাম ভাঙিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, তাদের কথা দেশের মানুষ গ্রহণ করছে না।"
রিজভী আহমেদ মঙ্গলবার দুপুরে খোন্দকার দেলোয়ার হোসেনের ন্যাম ফ্ল্যাটের বাসায় এক সংবাদ ব্রিফিঙে এ কথা বলেন।
দলের অপর অংশের প্রতি ইংগিত করে তিনি বলেন,'' অনেকে নেত্রীর প্রতি আস্থার কথা বললেও তার নির্দেশ উপেক্ষা করে করে একের এক নাটক করছেন। এই অভিনয়ে নেতা-কর্মীরা কেউ বিভ্রান্ত হবে না।''
নির্বাচন কমিশন (ইসি) 'মূলধারাকে' চিঠি না দিয়ে ভুল করেছে মন্তব্য করে রিজভী আশা প্রকাশ করেন যে ইসি বিষয়টি পুনর্বিবেচনা করবে। অন্যথায় তারা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন বলে হুঁশিয়ার করে দেন তিনি।
নয়া পল্টনের দলীয় কার্যালয় খুলে দেওয়ার দাবি করে রিজভী বলেন, '' শুনেছি, ষড়যন্ত্রকারীরা পুলিশ পাহারায় অফিস দখল করতে চায়। তবে আমরা দ্ব্যর্থহীনভাষায় বলতে চাই, বিএনপির এই কার্যালয়ের দাবিদার কেবল আমরাই। পুলিশী বেষ্টনী নিয়ে কেউ গেলে আমরা জনগণের বেষ্টনী নিয়ে সেখানে যাব। এরশাদ আমলেও বিএনপির এই কার্যালয় নিয়ে ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু তা সফল হয়নি। ''
বারডেমে চিকিৎসাধীন খোন্দকার দেলোয়ার হোসেন কিছুটা সুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন বলে জানালেন রিজভী। তিনি জানান ডায়াবেটিস ও কিডনির জটিলতার পাশাপাশি হৃদযন্ত্রেও সমস্যা দেখা দিয়েছে বিএনপি মহাসচিবের।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৬২৫ঘ.
bdnews24