ঢাকা, নভেম্বর ১১(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে দ্বিতীয় দফা আবেদন করেছেন তার মনোনীত দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। রোববার বিকেলে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিশেষ কারাগারে গিয়ে দেলোয়ারের আবেদনপত্রটি কর্তৃপক্ষের কাছে জমা দেন।
রিজভী আহমেদ পরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''চেয়ারপারসনের মামলা ও দলের সাংগঠনিক বিষয়ে কথা বলতে মহাসচিব এই আবেদন করেছেন। এর আগে গত সেপ্টেম্বরে খোন্দকার দেলোয়ার হোসেন কারা কর্তৃপক্ষের কাছে চেয়ারপারসনে সঙ্গে দেখা করার জন্য আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদনের কোনো জবাব আজও আমরা পাইনি।"
উপমহা-কারাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দরখাস্তটি বিশেষ কারাগারে জমা পড়েছে। আমার কাছে এখনো এসে পৌঁছায়নি। দরখাস্ত পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এমএইচবি/২১২৭ ঘ.
bdnews24