ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সিঙ্গাপুর মার্কেট ও আন্তঃনগর বাস টার্মিনাল দুর্নীতি মামলা থেকে চূড়ান্তভাবে অব্যহতি পেলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
তার বিরুদ্ধে সাবেক দুর্নীতি দমন ব্যুরোর দায়ের করা এ দুটি মামলা খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকার যে আপিল আবেদন করেছিল আদালত রোববার তা খারিজ করে দিয়েছে।
প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
২০০৫ সালের ৭ ফেব্র"য়ারি হাইকোর্ট মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা এ দুটি মামলা খারিজ করে দিয়েছিল।
মেয়র মহিউদ্দিনের আইনজীবী হরিসাধন দেব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপিল বিভাগের এই রায়ের ফলে মহিউদ্দিন চৌধুরী মামলা দুটি থেকে চূড়ান্তভাবে অব্যাহতি পেলেন।"
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ২০০২ সালের ৯ ফেব্র"য়ারি চট্টগ্রাম কোতয়ালি থানায় মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে দুটি দুর্নীতি মামলা দায়ের করে। প্রথম মামলায় অভিযোগ করা হয়, চট্টগ্রামের আগ্রাবাদে সিঙ্গাপুর মার্কেট নির্মাণের ক্ষেত্রে মেয়র সিটি করপোরেশনের প্রায় ৪ কোটি ১২ লাখ টাকা ক্ষতি করেছেন। দ্বিতীয় মামলার অভিযোগে বলা হয়, চট্টগ্রামের নাসিরাবাদে গরিবুল্লাহ শাহ মাজার মোড়ে আন্তঃনগর বাস টার্মিনাল নির্মাণের ক্ষেত্রে মেয়র সিটি করপোরেশনের ১ কোটি ২০ লাখ টাকার ক্ষতি করেছেন।
২০০২ সালের ৯ জুলাই দুটি মামলায় মেয়রের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এর পরপরই মহিউদ্দিন চৌধুরী মামলা দুটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলা দুটি খারিজ করে দেয়। ওই রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিল আবেদন গ্রহণ না করে আপিল বিভাগও রোববার মহিউদ্দিন চৌধুরীরর পক্ষেই রায় দিল।
তবে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আদালতে আরো কয়েকটি মামলা বিচারাধীন থাকায় আপাতত তার মুক্তির সম্ভবনা নেই।
মেয়র মহিউদ্দিনের পক্ষে রোববার আপিল বিভাগে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এ কে এম ফয়েজ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট হরিসাধন দেব।
সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু বকর সিদ্দিকী।
গত ৭ মার্চ রাতে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএ/১৮৪৪ঘ.
bdnews24