ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলের অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
শনিবার দুপুরে বনানীর বাসায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়ে বলেন, ''সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে। এজন্য জনপ্রিয়, সৎ ও দুর্নীতিমুক্ত প্রার্থীকে মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও আমরা অংশ নেব।''
একই সঙ্গে দ্রব্যমূল্য পরিস্থিতি সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে রেশনিং ব্যবস্থা চালুরও দাবি জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয় ও সৎ প্রার্থী অংশ নেওয়ার পরিবেশ তৈরির জন্য নির্বাচন কমিশন ও সরকারকে আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, ''আমরা আগামী সিটি করপোরেশন নির্বাচনে এমন ব্যক্তিকে মনোনয়ন দিতে চাই- যিনি ভোটারদের কাছে জনপ্রিয় ও সৎ মানুষ হিসেবে পরিচিত। যার বিরুদ্ধে সন্ত্রাসের কোনো অভিযোগ নেই।"
তিনি আরো বলেন, "বিএনপি আগামী সংসদ নির্বাচনসহ সব স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে।"
সাবেক এই সেনা কর্মকর্তা সার সংকট নিরসন, কৃষকদের ন্যায্য মূল্যে কৃষি উপকরণ সরবরাহেরও দাবি জানান।
এ প্রসঙ্গে তিনি বলেন, "দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে আরো উদ্যোগী হতে হবে। পণ্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা উচিত।"
বিএনপির অস্থায়ী মহাসচিব বাংলাদেশ রাইফেলস-এর উদ্যোগে শহরে বাজার নিয়ন্ত্রণের পৃথক ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, "পশ্চিমবঙ্গে স্বল্প আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু আছে। আমাদের দেশেও এই ব্যবস্থা চালু করা প্রয়োজন।"
'শীর্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতের কারণেই ১১ জানুয়ারির প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে' শুক্রবার তার বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি সঠিক ভাবে উপস্থাপন করা হয়নি মন্তব্য করে তিনি বলেন, "বিগত ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের কিছু কিছুৃ নেতার কারণে এই দুই দলের ভাবমূর্তিই ক্ষুণ
bdnews24