২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ট্রাস্ট মামলায় হাসিনার জামিন স্থগিতে সরকারের আপিল

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামিন মঞ্জুর করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার আপিল করেছে সরকার। এদিকে সম্পত্তির হিসাব চেয়ে দেওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ চ্যালেঞ্জ করে শেখ হাসিনার দায়ের করা রিট আবেদনের শুনানি আগামী বুধবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী ব্যারিস্টার কারিশমা জাহান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি আইনজীবী খালেকুজ্জামান সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিভাগে আপিল আবেদনটি দায়ের করেছেন। আগামী রোববার আপিলের ওপর শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 01:56 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামিন মঞ্জুর করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার আপিল করেছে সরকার। এদিকে সম্পত্তির হিসাব চেয়ে দেওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ চ্যালেঞ্জ করে শেখ হাসিনার দায়ের করা রিট আবেদনের শুনানি আগামী বুধবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী ব্যারিস্টার কারিশমা জাহান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি আইনজীবী খালেকুজ্জামান সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিভাগে আপিল আবেদনটি দায়ের করেছেন। আগামী রোববার আপিলের ওপর শুনানি হবে। শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার ফজলে নূর তাপস সরকারের পক্ষ থেকে আপিল আবেদন করার সত্যতা নিশ্চিত করেছেন। গত ৪ নভেম্বর হাইকোর্ট বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট দুর্নীতি মামলায় শেখ হাসিনার জামিন মঞ্জুর করে। জরুরি আইনে অন্তর্ভুক্ত করা এ মামলার কার্যক্রমও স্থগিত করে আদালত। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুদক গত ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলা দায়ের করে। মামলায় শেখ হাসিনাসহ সাত জনকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরউদ্দীন মাহমুদ কামাল, সামিট ইন্ডাস্ট্রিজ এন্ড মার্কেন্টাইল করপোরেশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ আজিজ খান, একই কোম্পানির পরিচালক মুহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ। গত ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় নেয় সরকার। ২৮ অক্টোবর হাসিনা মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। একইসঙ্গে এ মামলায় জামিনের আবেদনও করেন তিনি। এদিকে সম্পত্তির হিসাব চেয়ে দুদকের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার রিট আবেদনের ওপর বৃহষ্পতিবার হাইকোর্টে শুনানি হয়েছে। বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চে শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক ও দুদকের পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল শুনানিতে অংশ নেন। শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক বলেন, দুদক আইনের বিধান অনুযায়ী কাউকে সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দিতে হলে প্রথমে প্রাথমিক তদন্ত করা বাধ্যতামূলক। প্রাথমিক তদন্তে সন্তুষ্ট না হলে দুদক কারো সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দিতে পারে। কিন্তু আইনের এ বিধান না মেনেই বেআইনিভাবে শেখ হাসিনার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুদক। দুদকের পক্ষে অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, শেখ হাসিনা প্রজাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে দুদক তার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দিয়েছে। তাছাড়া এ নোটিশে তাকে অভিযুক্ত করা হয়নি। শেখ হাসিনাকে গত ১৬ জুলাই সুধাসদন থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এর পরদিনই দুদক তার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেয়। এর বৈধতা নিয়ে শেখ হাসিনা রিট করলে হাইকোর্ট গত ৭ আগস্ট দুদকের ওই নোটিশের কার্যক্রম স্থগিত করে দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএসবি/এমএ/১৯৫০ঘ.