ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
৭ নভেম্বর উপলক্ষে বুধবার বিকেলে মগবাজারে এলডিপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "বিভিন্ন মানুষের কাছে যেমন মন্তব্য শুনি, তাতে নির্ধারিত সময়ে আসলেই নির্বাচন হবে কী না, সে নিয়ে আমার সংশয় আছে। তবে সেনাপ্রধান যে ওয়াদা করেছেন, তা তিনি রক্ষা করবেন বলে আমি আশাবাদী।"
আলোচনা সভায় অলি আহমেদ রাজাকারদের তালিকা প্রকাশ ও যুদ্ধাপরাধীদের বিচার করা এবং জেলায় জেলায় ঘরোয়া রাজনীতি চালুর জন্যও সরকারের প্রতি আহ্বান জানান। (বিস্তারিত)
সভাপতির বক্তব্যে তিনি বলেন, "বিগত সরকারগুলো যেমন মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করেছে, এই সরকারও তেমনি রাজাকারদের একটি তালিকা প্রকাশ করুক। একটি কাউন্সিল গঠন করে এ কাজটি করা যেতে পারে। যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে। তবে এই বিতর্কের আড়ালে যেনো গণতন্ত্রে উত্তরণের পথ বন্ধ না হয়ে যায়।"
অলি প্রশ্ন করেন, "জামার্নিতে ৫০ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার হতে পারলে আমাদের দেশে ৩৬ বছর পর সেটা কেন হবে না? বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে অভিযুক্তদের বিচার করতে হবে।"
প্রশ্নবিদ্ধ বিচারকদের অপসারণের দাবি জানিয়ে তিনি বলেন, "কিছুদিন আগে প্রধান বিচারপতি বলেছিলেন, বিচার বিভাগে এমনও লোক আছেন যাদের কাছ থেকে ২০ বছরেও ন্যায়বিচার পাওয়া যাবে না। প্রধান বিচারপতির প্রতি আমার আহ্বান ওই লোকদের বিচার বিভাগ থেকে বের করে দিয়ে সঠিক ও ন্যায়বিচার নিশ্চিত করুন।"
কারাগারে আটক এলডিপির দুই কেন্দ্রীয় নেতা রেদোয়ান আহমেদ ও আব্দুল করিম আব্বাসীর মুক্তি দাবি করেন তিনি।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দলের মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম, সভাপতিমণ্ডলীর সদস্য আলমগীর কবির, সৈয়দ দিদার বখত, দেলোয়ার হোসেন, যুগ্ম মহাসচিব মোবারক হোসেন, শাহাদত হোসেন সেলিম, অ্যাডভোকেট স্বপন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/ বিআর/এসএনডি/এমএ/২০০৫ ঘ.
bdnews24