২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেজর হাফিজকে সংলাপে ডেকে পক্ষপাতিত্ব করা হয়নি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে সংলাপে ডেকে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। কেউ যদি এটা পছন্দ না করেন তাহলে আদালতে যেতে পারেন। সিইসি বলেন, "পক্ষ -বিপক্ষ নয়, বিএনপির দুটি বিবদমান পক্ষের মধ্যে আমাদের এক পক্ষকে ১৫ দিন আগে চিঠি দিতে হবে। দুপক্ষকেই সংলাপের জন্য ডাকা সমীচীন নয়, সম্ভবও নয়। আমরা আমাদের বিবেচনা, রীতি -নীতি, প্রথা ও দলের গঠনতন্ত্র দেখে চিঠি দিয়েছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 02:53 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে সংলাপে ডেকে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। কেউ যদি এটা পছন্দ না করেন তাহলে আদালতে যেতে পারেন। সিইসি বলেন, "পক্ষ -বিপক্ষ নয়, বিএনপির দুটি বিবদমান পক্ষের মধ্যে আমাদের এক পক্ষকে ১৫ দিন আগে চিঠি দিতে হবে। দুপক্ষকেই সংলাপের জন্য ডাকা সমীচীন নয়, সম্ভবও নয়। আমরা আমাদের বিবেচনা, রীতি -নীতি, প্রথা ও দলের গঠনতন্ত্র দেখে চিঠি দিয়েছি।" মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন। বিএনপির গঠনতন্ত্রে অস্থায়ী মহাসচিবের পদ না থাকলেও মেজর হাফিজকে কেন চিঠি দেওয়া হয়েছে জানতে চাইলে সিইসি বলেন, "সব সময় গঠনতন্ত্রে সব কিছু থাকবে, তা নয়। তাকে চিঠি দেওয়া হয়েছে সময়ের প্রয়োজনে (ডকট্রিন অফ নেসেসিটি)।" নির্বাচনী আইন সংস্কার নিয়ে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের সময়সূচি অনুযায়ী বিএনপি-ইসি আলোচনা হওয়ার কথা ২২ নভেম্বর । এক প্রশ্নের জবাবে শামসুল হুদা বলেন, "বিরোধপূর্ণ এই বিষয়টি তো আমাদের শেষ করতে হবে। কেউ যদি এটা পছন্দ না করেন, আদালতে যেতে পারেন। দলের ফোরামেও এ নিয়ে আলোচনা করতে পারেন। এ নিয়ে মতভেদ হলে দলের ভেতরে ঐক্যের চেষ্টাও করা যেতে পারে। সংলাপ একটি পর্যায় মাত্র। যখন দলগুলোর নিবন্ধন হবে তখন কোন অংশকে আমলে নেওয়া হচ্ছে তা দেখা যাবে। এখনও সময় আছে, নিবন্ধনের আগে তারা নিজেরাই মিটমাট করে নিতে পারে।" মেজর হাফিজকে চিঠি দেওয়ার বিষয়ে সোমবার কমিশন সচিবের বক্তব্যের বিশদ ব্যাখ্যা দেন সিইসি। তিনি বলেন, "নির্বাচন কমিশনের দুর্ভাগ্য যে আমরা একটি বিবাদের মধ্যে পড়ে গেছি। কিন্তু আমাদের তো রোডম্যাপ অনুযায়ী চলতে হবে।" বিএনপির গঠনতন্ত্রের দিক থেকে বিবেচনা করলে সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করে তার প্রতি সুবিচার করা হয়নি মন্তব্য করে সিইসি বলেন, "মেজর আখতারুজ্জামানকে বহিষ্কার করার সময় তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু বহিষ্কারের দুমাস পরেও মান্নান ভূঁইয়াকে সে সুযোগ দেওয়া হয়নি।" শামসুল হুদা বলেন, "বিএনপির চেয়ারপারসন কারাবন্দি। দল তো বসে থাকতে পারে না। তাই স্থায়ী কমিটি ২৯ অক্টোবর সভা ডেকে নতুন যে পদবিন্যাস করেছে সেটা যথার্থ হয়েছে। হান্নান শাহ স্থায়ী কমিটির কেউ নন। এ কারণে রোববার তার দেওয়া চিঠি আমরা আমলে নেইনি।" ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার মুহূর্তে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দলের মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া ও যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনকে বহিষ্কার করেন। নতুন মহাসচিব হিসেবে তিনি নিয়োগ দেন খোন্দকার দেলোয়ার হোসেনকে। এ বিষয়টি জানিয়ে দেলোয়ার হোসেনের পক্ষে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়েছিলেন। ২৯ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির এক আকস্মিক বৈঠকে খোন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। স্থায়ী কমিটির সাত সদস্যের ওই বৈঠকে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও মেজর হাফিজ উদ্দিন আহমেদকে অস্থায়ী মহাসচিব নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য খালেদা জিয়ার কাছে পাঠানো হয়েছে বলে সাইফুর রহমান অংশ দাবি করে। স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া ওই সিদ্ধান্ত খোন্দকার দেলোয়ার হোসেনের অংশ মেনে নেয়নি। সোমবার খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা আসম হান্নান শাহ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে বৈধ মহাসচিব হিসেবে খোন্দকার দেলোয়ারকে চিঠি দিতে অনুরোধ জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএসবি/এসকে/২০১৪ঘ.