ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- '৭৫ এর ৩ নভেম্বর জিয়াকে আটক করা নিয়ে নিজের বক্তব্যের ব্যাপারে মেজর হাফিজের কাছে 'ভুল স্বীকার' করে দু:খ প্রকাশ করেছেন মীর শওকত আলী।
মেজর হাফিজ ৭৫ সালের ৩ নভেম্বর সে সময়ের মেজর জেনারেল জিয়াউর রহমানকে আটক করতে গিয়েছিলেন- এ বক্তব্য সর্ম্পকে ব্যাখ্যা দিয়ে মঙ্গলবার হাফিজকে টেলিফোন করা ছাড়াও চিঠির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন মীর শওকত।
গত ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মীর শওকত আলী সাংবাদিকদের কাছে বিএনপির অস্থায়ী মহাসচিব মেজর হাফিজ উদ্দিন আহমেদ সর্ম্পকে হান্নান শাহের সঙ্গে সুর মিলিয়ে বলেছিলেন, ''আমি শুনেছি, ৩ নভেম্বর মেজর হাফিজই জিয়াকে আটক করতে গিয়েছিলেন। ওই সময়ে আমি ঢাকায় ছিলাম না। ৬ নভেম্বর ঢাকায় এসেছি। জেনারেল জিয়াকে আটকের বিষয়টি সঠিকভাবে বলতে পারবেন বেগম জিয়া ও বঙ্গবন্ধু হত্যার আসামি কারাগারে বন্দি ক্যাপ্টেন মহিউদ্দিন। তারা দুজনই ঘটনার প্রত্যক্ষদর্শী।"
২ নভেম্বর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হান্নান শাহ মেজর হাফিজকে পঁচাত্তরের নভেম্বরের সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত করেন।
মঙ্গলবার মীর শওকত টেলিফোনে মেজর হাফিজের সঙ্গে কথা বলেন এবং তার বক্তব্য সম্পর্কে দুঃখ প্রকাশ করেন।
এ ব্যাপারে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে সন্ধ্যায় মীর শওকত আলী বলেন, '' আমি সব সময় সত্য কথা বলি। মেজর হাফিজ প্রতিবাদ জানালে বিষয়টি অনুসন্ধান করে জানতে পারলাম ,আমার দেওয়া তথ্য সঠিক ছিল না। মূলত. সেদিন জেনারেল জিয়াকে আটক করতে গিয়েছিলেন ক্যাপ্টেন হাফিজ উল্লাহ। আমি একজন সাবেক সেনাধ্যক্ষ হিসেবে মনে করেছি, এটা ভুল ছিল। তাই টেলিফোন করেও তার (হাফিজউদ্দিন) সাথে কথা বলেছি। এর মাধ্যমে সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯১৪ঘ.
bdnews24