ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ্ নির্বাচন কমিশনের প্রতি হাফিজকে দেয়া চিঠি প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছেন, অন্যথায় দু'একদিনের মধ্যে তারা আদালতে যাবেন।
তিনি বলেছেন, "কমিশনের এই সিদ্ধান্ত বেআইনি; তারা এটি প্রত্যাহার না করলে বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কি না এ ব্যাপারে সন্দেহ দেখা দেবে।"
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বিএনপির নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবে বলেও জানান তিনি।
মঙ্গলবার দুপুরে মহাখালীর ডিওএইচএস এর বাসায় সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ের সময় হান্নান শাহ্ এসব বলেন।
সাবেক এই সেনা কর্মকর্তা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদনের ডাক দিয়ে বলেন, "কাল (৭ নভেম্বর) যেন সেখানে ৩ নভেম্বরের কোনো ষড়যন্ত্রকারী যেতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।"
নিজেদের বিএনপির 'মূলধারা' দাবি করে তিনি বলেন, "খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। নির্বাচন কমিশন অন্য যাদের চিঠি দিয়েছে তারা মূলধারার বিএনপির কেউ নয়।"
অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিনের নেতৃত্বাধীন অংশকে মহল বিশেষের ক্ষমতায় দলের নেতৃত্ব ছিনতাইকারী হিসেবে অবহিত করেন তিনি।
হান্নান শাহ ৫ নভেম্বর বিকেলে নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবিরের ব্রিফিংয়ের খণ্ডন করে বলেন, "তিনি অসত্য বক্তব্য রেখেছেন, ৩১ অক্টোবর স্থায়ী কমিটির কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। কথিত সংষ্কারপন্থী নেতারা যে বৈঠকটি করেছেন তা ছিল ২৯ অক্টোবর। সেই বৈঠকে স্থায়ী কমিটির কয়েকজন সদস্যকে জোর করে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয়া হয়েছে।"
একই সঙ্গে ২৯ অক্টোবরে সাইফুর রহমানের বাসায় বৈঠকে গৃহীত কার্য বিবরণীর খসড়া মহল বিশেষের তৈরি বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, "জাতীয়তাবাদী শক্তিকে ১৯৭৫ সালের পর থেকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। ৭৫ এর ৩ নভেম্বর এরকম একটি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, এরশাদও বিএনপিকে ভাঙতে পারেনি। এখন আবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।"
নির্বাচন কমিশন এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের প্রশ্নবিদ্ধ করেছেন বলে মন্তব্য করেন হান্নান শাহ্।
সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মো. শাহজাহান, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, কাজী রফিকুল ইসলাম, হেলেন জেরিন খান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদসহ কেন্দ্রীয় নেতারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল
bdnews24