ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট মামলার শুনানি এক সপ্তাহ মুলতবি করেছে হাইকোর্ট।
বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চ সোমবার রিটটির ওপর আংশিক শুনানি গ্রহণ করে। কিন্তু প্রয়োজনীয় কিছু কাগজপত্র না থাকায় আদালত সেগুলো নিয়ে আসতে আইনজীবীকে পরামর্শ দিয়ে শুনানি এক সপ্তাহ মুলতবি করে।
রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী মো. রুহুল আমিন ভুইঞা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট রিটটির ওপর আংশিক শুনানি গ্রহণ করেছেন। কিন্তু কিছু কাগজপত্র না থাকায় আদালত এক সপ্তাহ বিষয়টির ওপর শুনানি স্টান্ড ওভার (মুলতবি) করেছেন। আশা করি এক সপ্তাহ পর আবার শুনানি অনুষ্ঠিত হবে।"
গত ৩১ অক্টোবর মালিবাগ চৌধুরী পাড়ার বাসিন্দা বুয়েটের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি গবেষক মোস্তফা মিনহাজ জনস্বার্থে রিট মামলাটি দায়ের করেন।
এর ওপর শুনানিতে মো. রুহুল আমিন ভুইঞা বলেন, ১৯৭৬ সালের বাংলাদেশ পাবলিক সার্ভিস অধ্যাদেশ অনুযায়ী বিদেশি নাগরিকের সঙ্গে কেউ বৈবাহিকসূত্রে আবদ্ধ হলে বা বিয়ের প্রতিশ্র"তি দিলে তিনি কূটনৈতিক সার্ভিসে নিয়োগ পেতে পারেন না।
শুনানিতে তিনি আরও বলেন, দেবপ্রিয় ভট্টাচার্যের স্ত্রী ইরিনা ভট্টাচার্য রাশিয়ার নাগরিক বলে ড. দেবপ্রিয় আইন অনুযায়ী কূটনৈতিক সার্ভিসে নিয়োগ পেতে পারেন না। তাই তার নিযোগ অবৈধ ও বাতিলযোগ্য।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৮৪০ ঘ.
bdnews24