ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে বন্দি সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার সঙ্গে রোববার সকালে ঈদ উপলক্ষে দেখা করেছেন তাদের আত্মীয়-স্বজনেরা।
সকাল ১১টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার ছোট ছেলের স্ত্রী শরমিলা রহমান, দুই নাতনি জাইমা ও জাফরিন, ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার, জিয়াউর রহমানের বড় ভাইয়ের স্ত্রী তাহেরা খানম ও আরাফাত রহমান কোকার শ্বশুর মোকাররম রেজা।
সাড়ে ১২দিকে আত্মীয়-স্বজন ফিরে যাওয়ার সময় খালেদার আইনজীবী অ্যাডভোকেট আহম্মেদ আজম খান সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি স্বজনদের সঙ্গে নেওয়া খাবার খেয়েছেন। তিনি সুস্থ আছেন। ঈদের দিন তার দুই ছেলের সঙ্গে দেখা করতে না পেরে ম্যাডাম মনোকষ্ট পেয়েছেন।"
দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান স্বজনেরা।
দুই দফায় পাঁচজন করে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ফুপু খাদিজা হোসেন, ভাগ্নি আশরাফা খানম চৌধুরী, ফুফাতো ভাইয়ের স্ত্রী লুনা আব্দুল্লাহ, ফুফু শাশুড়ি তানিয়া রহমান, চাচি মাসুদা কবির, ফুপাতো বোন রীনা সেরনিয়াবত, সুলতানা শেখ রেখা, শেলি জামান, ভাগ্নে শেখ ফজলে সামস পরশ ও নাতবউ আসমা রহমান।
হাসিনার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে আসমা রহমান সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা ভালো আছেন। ঈদুল ফিতর উপলক্ষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আমরা তার জন্য পছন্দের কিছু ফলসহ অন্য খাবার নিয়ে গিয়েছিলাম। আমাদের সামনেই তিনি তা খেয়েছেন।"
আসমা আরও জানান, কারাবন্দি থাকার কারণে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে তার খুব খারাপ লাগছে।
দুই সাবেক প্রধানমন্ত্রীর কারাগারে ঈদ উদযাপন এই প্রথম। দুর্নীতির অভিযোগে গত ১৬ জুলাই শেখ হাসিনা ও ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়।
এদিকে শেখ হাসিনার আত্বীয় স্বজনরা সকাল ১০টায় বিশেষ কারাগারের বেষ্টনীর কাছে এসেও দীর্ঘ তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। কারা কর্তৃপক্ষের অনুমতি বিলম্বের কারণে এই অপেক্ষা করতে হয়। তবে দীর্ঘ অপেক্ষায় কারণে উপস্থিত দলের নেতা-কর্মীদের মধ্যে কিছুক্ষনের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।
দুই দলের নেতা-কর্মীরা তাদের কারা অন্তরীন নেত্রীকে শুভেচ্ছা জানাতে ফুলে তোড়া নিয়ে নিয়ে উপস্থিত হয়েছিলেন। এর মধ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক সাংসদ আবদুল লতিফ সিদ্দিকীর মতো সিনিয়র নেতাকে দেখা গেলেও বিএনপির কোনো নেতাকে দেখা যায়নি।
সাবেক দুই প্রধানমন্ত্রীর সঙ্গে তার আত্মীয়রা দেখা করার পর উপ-মহা কারাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সাংবাদিকদের বলেন, "কারাগারে শেখ হাসিনা ও খালেদা জিয়া সুস্থ এবং স্বাভাবিক আছেন। দুপুরে তাদের পোলাও, ইলিশ মাছ ও গরুর মাংস দিয়ে ভাত দেওয়া হয়েছে। সকালে তারা সবজি ও রুটি খেয়েছেন। রাতের খাবার হিসেবে তাদেরকে সাদা ভাত, মাছ ও মশুরের ডাল দেওয়া হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিসি/এসএনডি/জিএনএ/১৬০০ ঘ.
bdnews24