ঢাকা, অক্টোবর ১০(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির সংস্কারপন্থি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, '' বিএনপির ভেতরে সৃষ্ট মতপার্থক্য গুরুতর নয়। সংস্কারের মাধ্যমেই দল আরও গণতান্ত্রিক হবে। দেশের মৌলিক বিষয়গুলোর সমাধানে বিএনপি জাতীয় ঐক্য চায়।''
বুধবার দুপুরে গুলশানের ন্যাম ফ্ল্যাটে আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি একথা বলেন। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরীর ' আগামী দুই মেয়াদে ঐকমত্যের সরকার গঠন' -এর প্রস্তাবকে ইতিবাচক মন্তব্য করে বিএনপির সহ সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ বলেন, '' এটি একটি ভালো উদ্যোগ। এই উদ্যোগে বিএনপি হবে প্রধান শক্তি। জাতীয়তাবাদী শক্তির ঐক্যের মাধ্যমে দেশের অর্থনৈতিক মুক্তি আনা সম্ভব। আমরা মনে করি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের মৌলিক সমস্যার সমাধান আসতে পারে।''
তার দল বিএনপিতে সংস্কার কার্যক্রমের অবস্থা ব্যাখ্যা করে তিনি বলেন," ইতিমধ্যে আমরা প্রাথমিক অনেক কাজ গুছিয়ে নিয়েছি। সময় হলে অবশ্যই সব জানানো হবে। সংস্কারের মাধ্যমে দল আরও শক্তিশালী হবে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে।"
তিনি জানান, দলের কাউন্সিল অধিবেশনের প্রাথমিক প্রস্তুতির কাজ চলছে। সব কিছু চূড়ান্ত হওয়ার আগে এ বিষয়ে কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করেছেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএ/১৫২৬ঘ.
bdnews24