ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও ভবিষ্যত সরকার গঠনে ঐকমত্য হওয়া প্রয়োজন বলে মনে করেন বিএনপির সংস্কারপন্থী অংশের নেতা আব্দুল মান্নান ভুঁইয়া।
মঙ্গলবার দুপুরে গুলশানের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকের তিনি, "জাতীয় ইস্যুতে আমাদের মধ্যে ঐকমত্য হওয়া প্রয়োজন। বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরি যে প্রস্তাব করেছেন আমরা তা সমর্থন করি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি হলে এবং ঐকমত্যের সরকার প্রতিষ্ঠা হলে দেশের অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে।"
সোমবার রাজধানীতে এক ইফতার পার্টিতে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী 'আগামী দুইটি মেয়াদে ঐকমত্যের সরকার প্রতিষ্ঠা করার' প্রস্তাব দেন।
তার প্রস্তাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে 'ইতিবাচক' বলে মন্তব্য করেন।
মান্নান ভুঁইয়া বলেন, "আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছে তা শুভ নয়। দেশ ও জাতির প্রয়োজনে এখন ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।"
অধ্যাপক বদ্দরুদ্দোজা চৌধুরী সোমবার এক ইফতার পার্টিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যের আহ্বান জানিয়েছেন তার সঙ্গে একমত পোষণ করে আব্দুল মান্নান বলেন,"তিনি যেসব বিষয়ে ঐকমত্য হওয়ার প্রস্তাব করেছেন সেগুলোর বাইরেও আরো বিষয় থাকতে পারে। আমাদের সংস্কার প্রস্তাবগুলো এর সঙ্গে যুক্ত হতে পারে। আমি অষ্টম সংসদের সমাপনী ভাষণে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ইস্যুতে ঐক্যমতের আহ্বান জানিয়েছিলাম। আমাদেরকে কর্মসূচির ভিত্তিতেই ঐক্য গড়ে তুলতে হবে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর এ ঐক্য নির্বাচনের আগেও হতে পারে আবার পরেও হতে পারে।
বিএনপির সংস্কার কর্মসূচি সম্পর্কে মান্নান ভুঁইয়া পুনরায় বলেন, "আমরা বিএপিতে সংস্কার এবং ঐক্য দুটোই চাই। আমি আগেও বলেছি এখনও বলছি বিএপিকে পরিশুদ্ধ, গ্রহণযোগ্য, ও গণতান্ত্রিক হিসেবে প্রতিষ্ঠিত করতে দলে সংস্কার করতে হবে। এ সংস্কারের মাধ্যমেই বিএনপি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করবে, জনগণের রায় নিয়ে বিজয়ী হবে। আর যারা দলের ভিতরে সংস্কার চায়না তারা জনগণ ও দলের নেতাকর্মীদের থেকে বিচ্ছিন হয়ে যাবে।"
বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 'সংস্কারপন্থীরা ঈদের ছুটিতে গ্রামে গিয়ে জনপ্রিয়তা যাচাই করুক' বক্তব্যের জবাবে বহিস্কৃত মহাসচিব বলেন, "আমাদের সব নেতারা সবসময় গ্রামে যান এবং গ্রামেই থাকেন। বিএনপির ত্যাগী নেতাকর্মীরা ঐক্য চান।"
সরকারের ট্রুথ কমিশন গঠনের চিন্তা ভাবনা সমর্থন করে তিনি বলেন, "এটি ভালো উদ্যোগ। আমি একে স্বাগত জানাই। তবে এ ট্রুথ কমিশন কেবল ব্যবসায়ীদের জন্য নয়, রাজনীতিবিদ, আইনজীবী, সরকারী কর্মকর্তাসহ সবার জন্য হওয়া উচিত।"
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সাবেক সাংসদ নাজির হোসেনও উপস্থিত ছিলেন।
সোমবার বি চৌধুরীর ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় বলেন, ''চৌধুরী সাহেবের প্রস্তাব একটি ভালো প্রস্তাব। ঐক্যই শক্তি। ঐকমত্যে শক্তি সুদৃঢ় হবে।''
বিএনপির সহ-সভাপতি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লে. জেনারেল মীর শওকত আলী বলেন, '' প্রস্তাবটি ভালো। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি চাই, দেশ ঐক্যবদ্ধ থাকুক। বিভেদ ভুলে আমাদের এক হওয়া উচিৎ। আমাদের আগামী সরকারের কাজ হবে দেশের অগ্রগতির জন্য একটি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা। সে লক্ষ্য নিয়ে আমাদের এক সঙ্গে কাজ করতে হবে।''
সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদ বলেন, ''এটি ভালো প্রস্তাব। তবে আমি আমার দলের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে কথা বলতে পারব। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের রাজনীতির সংস্কৃতি পরিহার করতে হবে। আমাদের সবারই একযোগে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করা চাই।''
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন পরোক্ষ সমর্থন জানিয়ে বলেন, "নব্বইয়ের আন্দোলনে তিনজোটের রূপরেখায় আমরা প্রস্তাব করেছিলাম দেশে তিনটি মেয়াদে ঐকমত্যের সরকার থাকুক। তা কার্যকর হয়নি। এখন আমরা চাই, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/আরএ/জিএনএ/১৫৫০ ঘ.
bdnews24