ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগদলীয় সাবেক সাংসদ আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল), ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমসহ তিনজনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
রোববার দুর্নীতি দমন কমিশন (দুদক) উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন।
লোটাস কামাল গ্রুপে কর্মরত এবিএ সেলিমকেও এ মামলায় আসামি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে পরস্পর সহযোগিতার মাধ্যমে অবৈধভাবে অর্জিত সম্পদ আইনবহির্ভূত প্রক্রিয়ায় হস্তান্তর ও রূপান্তরের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ওবায়দুল করিম ২০০৬ সালের ২১ মে থেকে ৩১ মে সময়ের মধ্যে লোটাস কামাল গ্র"পের কয়েকটি প্রতিষ্ঠান ও এবিএম সেলিমের ব্যাংক হিসাবে সাত দফায় মোট দুই কোটি টাকার চেক জমা দেন। পরে লোটাস কামাল এ টাকা তুলে নেন।
এজহারে বলা হয়, দুদকের অনুসন্ধানে জানা গেছে, লোটাস কামাল ও লোটাস কামাল গ্র"পের এসব প্রতিষ্ঠান কিংবা এবিএম সেলিমের সঙ্গে ওবায়দুল করিমের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। এছাড়া প্রতিষ্ঠানগুলোর বার্ষিক হিসাব বইতেও এসব চেকের বিষয়ে সুস্পষ্ট কিছু উল্লেখ নেই।
অভিযোগ বলা হয়, লোটাস কামাল ও ওবায়দুল করিম তাদের অবৈধভাবে অর্জিত অর্থ একে অপরের কাছে হস্তান্তর করেছেন। আবার ব্যাংক হিসাবের মাধ্যমে তুলে নিয়ে গোপন করেছেন। এ কাজ করে তারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ভঙ্গ করেছেন।
লোটাস কামাল বর্তমানে কারাগারে এবং ওবায়দুল করিম পলাতক আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআইএম/এমএসবি/এমএইচবি/২২৩৭ ঘ.
bdnews24