২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ১৩ আ'লীগ নেতাকর্মীর জামিনে মুক্তি

যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী বৃহস্পতিবার বিকেলে সিলেট কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 01:15 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

সিলেট, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী বৃহস্পতিবার বিকেলে সিলেট কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জরুরি অবস্থার মধ্যে সভা করার অভিযোগে গত ১৪ মে এই ১৩ জনসহ ৪০ নেতাকর্মীকে সিলেটের খাদিমপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ২৬জন আগেই মুক্তি পান। বাকি একজন আইনি জটিলতার কারণে এখনো মুক্তি পাননি। বৃহস্পতিবার বিকেলে সিলেট কারাগার গেটের সামনে উপস্থিত থাকা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মুক্তাদীর আহমেদ জানান, ৪ মাস ২০ দিন কারাভোগ শেষে মুক্তি পাওয়া নেতাকর্মীদের অভ্যর্থনা জানাতে সেখানে শ'খানেক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। কারাগার থেকে বেরিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবশেষে আমাদের মুক্তি দেওয়ায় আদালতকে কৃতজ্ঞতা জানচ্ছি।" মুক্তি পাওয়া অন্য নেতাকর্মীরা হলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগ সভাপতি সৈয়দ শামীম আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি জগলু চৌধুরী, আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান, যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম টিপু, সিলেট জেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক শামসুল ইসলাম মিলন, মহানগর ছাত্রলীগ সদস্য ইউসুফ আলী, ওসমানী নগর থানা ছাত্রলীগ সভাপতি সেলিম রেজা ও ওসমানীনগর থানা যুবলীগ নেতা অজয় পাল। গত ১৪ মে বিকেলে সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের পীরেরবাজারে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকর রহমান চৌধুরীর ভাতিজার বাড়ি থেকে মধ্যাহ্ন ভোজ শেষে রাজনৈতিক আলাপ চালানোর অভিযোগে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য থেকে আসা কয়েকজন নেতাসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাদেরকে জরুরি ক্ষমতা বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গত ২২ মে হাইকোর্ট গ্রেপ্তারকৃতদের জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিলে গত ২৪ মে ৯ প্রবাসী নেতাসহ ২৫ জন জামিনে ছাড়া পান। একজন অন্য মামলায় গ্রেপ্তার থাকায় পরে মুক্তি লাভ করেন। কারাগারে থাকা বাকি ১৪ নেতাকর্মীকে গত ২৪ মে প্রথমে এক মাসের, পরে আরও তিনমাসের আটকাদেশ দেওয়া হয়। গত ২৬ জুলাই বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিমের হাইকোর্ট বেঞ্চ তাদের আটকাদেশ অবৈধ ঘোষণা করে। কিন্তু গত ৭ আগস্ট সিলেট কোতোয়ালি থানা পুলিশ একই ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৪ নেতাকর্মী ও জামিনে থাকা ৯ প্রবাসী নেতাসহ ২৩ জনকে আসামি করে আরেকটি মামলা করে। পরে গত সোমবার অক্টোবর বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি এবি মাহমুদুল হকের হাইকোর্ট বেঞ্চ ১৪ নেতাকর্মীর অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে। বৃহস্পতিবার ওই জামিন আদেশ সিলেট কারাগারে পৌঁছলে ৪ মাস ২০ দিন কারাভোগের পর ১৩ জন নেতাকর্মী মুক্তি পান। ১৪ নেতাকর্মীর একজন সিলেট সিটি কর্পোরেশনের কমিশনার আব্দুল খালিক প্রথম মামলার ওকালত নামায় স্বাক্ষর না করায় বৃহস্পতিবার জামিনে মুক্ত হতে পারেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/১৯১০ ঘ.