২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন দুদক কর্মকর্তারা

জমা দেওয়া সম্পত্তির হিসাব বিবরণী বিষয়ে জানতে দুদক কর্মকর্তারা বৃহস্পতিবার বিশেষ কারাগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 12:22 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জমা দেওয়া সম্পত্তির হিসাব বিবরণী বিষয়ে জানতে দুদক কর্মকর্তারা বৃহস্পতিবার বিশেষ কারাগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন। কারা উপ-মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী, টাস্কফোর্সের কর্মকর্তা মেজর মোস্তফা কামাল এবং সিআইডির পরিদর্শক নূরুল ইসলাম বিকাল সোয়া চারটায় বিশেষ কারাগারে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ৪৫ মিনিট অবস্থানের পর তারা বেরিয়ে যান। খালেদা জিয়ার আয়কর আইনজীবী আহমেদ আজম খান এসময় সেখানে ছিলেন। বিশেষ কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের আহমেদ আজম খান বলেন, "দুদকে জমা দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীর বিভিন্ন দিক নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা। ম্যাডামও সব প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন। গ্যাটকো মামলা বা তার ছেলেদের বিষয় নিয়ে তারা কোনও কথা বলেননি বা প্রশ্ন করেননি।" দুদক কর্মকর্তারা সন্তুষ্ট কী না এ বিষয়ে তিনি বলেন, "দুদক কর্মকর্তারা তো আমাকে কিছু বলেননি। তবে আমার মনে হয় তারা স্যাটিসফাইড। " তিনি বলেন, "ম্যাডাম একটু অসুস্থ। তিনি জ্বরে ভুগছেন। তারা আমার সামনে ম্যাডামকে জিজ্ঞাসা করেছেন। তিনি অসুস্থ শরীরে তাদের সব প্রশ্নের উত্তর দিয়ে সহায়তা করেছেন। " সুপ্রিম কোটের রায় সম্বন্ধে খালেদা জিয়া কিছু বলেছেন কী না এ প্রসঙ্গে তিনি বলেন, "ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করেছিলেন। আমি তাকে জামিন এবং জামিন স্থগিত হওয়ার কথা জানিয়েছি। তিনি খুব দুঃখ পেয়েছেন। তবে চুড়ান্ত আইনী যুদ্ধে বিজয়ী হবেন বলে তিনি আশাবাদী।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসএম/এসকে/১৮১০ঘ.