ঢাকা, ০৪ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-গ্যাটকো মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জামিন মঞ্জুর করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়।
একই সঙ্গে খালেদা,তার বড় ছেলে তারেক রহমান, আরাফাত রহমান কোকো, সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ ও যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা দম্পতির ৪টি পৃথক দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশও স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
এর ফলে এসব মামলার কার্যক্রম চলতে আর কোনও বাধা থাকবে না।
(আরো তথ্যসহ)
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালেদা জিয়াকে জামিন দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তা স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়া অন্য ৪টি মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশও স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। এ রায়ের ফলে এসব মামলার কার্যক্রম চলতে পারবে।"
খালেদা জিয়া ও অন্যদের কৌসুলি ব্যারিস্টার রফিকুল বলেন, "খালেদা জিয়াকে জামিন মঞ্জুর করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ।"
গত মঙ্গলবার খালেদা জিয়ার জামিনসহ ছয় জনের চারটির্র্ দুর্নীতি মামলা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের জন্য পাঁচটি আপিল আবেদনের ওপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য বৃহষ্পতিবার দিন ধার্য করেছিল সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. হাসান আমিনের আদালত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার ও দুর্নীতি দমন কমিশনের দায়ের করা আপিল আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি শেষে এই আদেশ দিয়েছিলেন।
খালেদা ও তার ছোট ছেলে কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা গ্যাটকো দূর্নীতি মামলা জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভূক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে দুইটি পৃথক রিট আবেদন দায়ের করা হয়। একই দিন তারেক, মওদুদ, নাজমুল হুদা ও সিগমা হুদার দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক তিনটি রিট করা হয়।
৩০ সেপ্টেম্বর বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিটের পরিপ্রেক্ষিতে খালেদার জামিন মঞ্জুর করেন। তার ও কোকোর বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। তবে কোকোর জামিন মঞ্জুর করা হয়নি।
১ অক্টোবর তারেক রহমান, মওদুদ আহমেদ, নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দায়ের করা তিনটি পৃথক দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট।
তবে তারেক রহমান, মওদুদ আহমেদ, ব্যারিস্টার নাজমূল হুদাও সিগমা হুদা এ মামলা তিনটিতে জামিন আবেদন জানালেও আদালত সে বিষয়ে কোন আদেশ দেননি।
গত ২ সেপ্টেম্বর খালেদা, কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় দুদক গ্যাটকো দুর্নীতির মামলাটি দায়ের করে।
তারেক, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে দুর্নীতির মামলা দায়ের করেছে দুদক।
ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং হুদা দম্পতির বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও সম্পদের হিসাবে অনিয়মের অভিযোগে দুর্নীতির মামলা দায়ের করে দুদক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৩০৪ঘ.
bdnews24