ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিননামা দাখিলের অনুমতি পাননি আইনজীবীরা।
হাইকোর্ট গত রোববার এ মামলায় খালেদা জিয়াকে জামিন দেন। বুধবার জামিন মঞ্জুর সংক্রান্ত হাইকোর্টের আদেশ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নেজারত শাখায় পৌঁছলেও সংশ্লিষ্ট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের অফিস সময় পেরিয়ে যাওয়ার কারণে জামিননামা দাখিলের ব্যাপারে কোন শুনানির সুযোগ পাননি তার আইনজীবীরা।
তবে খালেদা জিয়ার একজন আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিএমএম আদালতের নেজারত শাখার জুডিশিয়াল পেশকার মোকাররম হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট দফতরে ফোন করে জামিননামা গ্রহণে কোন বাধা নেই বলে নিশ্চয়তা পেয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম) উপস্থিত না থাকার কারণে বিষয়টি নিয়ে শুনানি শেষে তার স্বাক্ষর গ্রহণের আদেশ ও বিশেষ কারাগারে পাঠানো যায়নি। বৃহস্পতিবার এ কাজটি শেষ করা হবে।'
খালেদা জিয়ার পক্ষে মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় নেওয়া ও জামিন বিষয়ে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে হাইকোর্ট তাকে জামিন দিয়ে মামলার কার্যক্রম স্থগিত করেন।
সরকার এ আদেশের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগের মুল বেঞ্চে বৃহস্পতিবার তার শুনানির দিন ধার্য করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮৫৮ঘ.
bdnews24