রাজশাহী, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে রাজশাহীর আদালতে এক ব্যক্তির করা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগটি মঙ্গলবার তানোর থানায় মামলা হিসেবে রেকর্ড হয়েছে। গত ৮ আগস্ট তানোর উপজেলার জুরানপুর গ্রামের রমজান আলী ওই অভিযোগ করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন জানান, ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে জুরানপুর গ্রামের রমজান আলী রাজশাহীর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে ওই অভিযোগ দায়ের করেন। তদন্তের পর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় নিয়মিত মামলা হিসেবে তা রেকর্ড করা হয়।
ব্যারিস্টার আমিনুল হক ও রাজশাহী জেলার বিএনপির সহসভাপতি ও মণ্ডুমালা পৌরসভার চেয়ারম্যান শীষ মোহাম্মদসহ সাতজনকে এ মামলায় আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ব্যারিস্টার আমিনুল হকের মাধ্যমে রাজশাহী শিক্ষা বোর্ডে এমএলএসএস পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে তার ঘনিষ্ঠ সহযোগী শীষ মোহাম্মদ ১৯৯৪ সালে রজমান আলীর কাছ থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা নেন। ওই চাকরি দেওয়ার কথা ছিল ১৯৯৪-১৯৯৫ সালের মধ্যে। কিন্তু তার চাকরি হয়নি। এমনকি টাকাও ফেরত দেয়নি আমিনুল হক ও তার লোকজন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/০০৪১ ঘ.
bdnews24