২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লবী দম্পতির বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ৭ অক্টোবর

বিএনপির সাবেক সাংসদ আলী আসগর লবী ও তার স্ত্রী খুশনুদ আসগর লবীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার রায় দেওয়া হবে আগামী ৭ অক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 10:20 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপির সাবেক সাংসদ আলী আসগর লবী ও তার স্ত্রী খুশনুদ আসগর লবীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার রায় দেওয়া হবে আগামী ৭ অক্টোবর। যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন রায় ঘোষণার দিন ধার্য করেন। গত ২১ মার্চ গুলশান থানায় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শিরিন পারভিন বাদি হয়ে লবী ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ কোটি ৬৯ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন এবং জানা আয়ের বাইরে ২৪ কোটি ৯৭ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন। দুদকের সহকারি পরিচালক আবু সাঈদ গত ১৭ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটির অভিযোগপত্র দেন। বিশেষ জজ আদালতে গত ৮ জুলাই মামলাটির অভিযোগ গঠনের পর সাক্ষ্য নেওয়া শুরু হয় ১১ জুলাই থেকে। এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৫২ জন সাক্ষ্য দেয়। আসামির পক্ষে সাফাই সাক্ষ্য শুরু হয় ১৩ সেপ্টেম্বর থেকে। একই আদালত গত ৫ জুলাই আয়কর ফাঁকির অভিযোগে আলী আসগর লবীকে ৮ বছর কারাদণ্ড এবং ২৫ লাখ টাকা জরিমানা করে । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এমএ/১৬১৩ঘ.