২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি এখনও পদত্যাগের অনুরোধ করেননি: ভারপ্রাপ্ত সিইসি

পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি এখনও ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) পাঁচ নির্বাচন কমিশনারকে অনুরোধ করেননি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 08:24 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

রোববার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে তাঁর কক্ষে বিচারপতি মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতির পক্ষ থেকে আমাদেরকে এখনও কোনো অনুরোধ জানানো হয়নি।”

রাষ্ট্রপতি অনুরোধ জানালে আপনারা পদত্যাগ করবেন কী? এ প্রশ্নের জবাবে সেখানে উপস্থিত আরেক নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী বলেন, “আমরা তো আগেই বলেছি, দেশের স্বার্থে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত।”

মাহফুজুর রহমান বলেন,“ উপদেষ্টাদের পক্ষ থেকে একটি নির্ভুল ভোটার তালিকা তৈরী ও ভোটার পরিচয়পত্রের কথা একাধিকবার বলা হলেও সরকারের পক্ষ থেকে এখনও এসব বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।”

২২ জানুয়ারির নির্বাচন বাতিল করার পর কমিশন এখন নির্বাচনী কার্যক্রম বাদে প্রশাসনিক কাজকর্ম করছে বলে তিনি জানান।

পরে তিনি আরও দুই নির্বাচন কমিশনার মাহমুদ হাসান মনসুর ও মো. সাইফুল আলমকে নিয়ে ঘন্টা খানেক বৈঠক করেন।

এই বৈঠক শেষে বিকাল পাঁচটার দিকে অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় ভারপ্রাপ্ত সিইসি বলেন, ‘‘আমরা রুটিন মাফিক বসেছি, কোনো বৈঠক নয়।”

পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতির অনুরোধ আসেনি -- একথা আবারও জানিয়ে তিনি বলেন, “আমি জানলে, আপনারা জানবেন।”

এদিকে গত ২১ ডিসেম্বর থেকে ছুটিতে থাকা কমিশনার স ম জাকারিয়ার ছুটি ৩১ জানুয়ারি শেষ হচ্ছে। 

২২ নভেম্বর থেকে তিন মাসের ছুটিতে থাকা সিইসি এম এ আজিজ ছুটি শেষ হওয়ার আগেই ২১ জানুয়ারি পদত্যাগ করেন।

অন্যদিকে ২২ জানুয়ারির নির্বাচন বাতিল হওয়ার পর প্রায় সাড়ে চার লাখ ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জামগুলো কী করা হবে, সে বিষয়েও কমিশন এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে।