২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে নব নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী মঙ্গলবার সন্ধ্যায় বনানীর হাওয়া ভবনে প্রায় দেড় ঘন্টা ধরে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 09:07 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বিএনপি নেতারা একে সৌাজন্য সাক্ষাৎ বলে দাবি করলেও বৈঠকে প্রতিবেশী দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের রাজনীতি বিষয়ক কর্মকর্তা গাদ্দাম ধর্মেন্দ্র বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান এবং সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান।

বৈঠক শেষে রিয়াজ রহমান সাংবাদিকদেরকে বলেন,“এটা ছিলো সৌজন্য সাক্ষাৎ। ভারত চায় তার প্রতিবেশিদের সঙ্গে সুসম্পর্ক এবং ব্যবসা--বাণিজ্যের মাধ্যমে দু’দেশের সম্প্রীতি বজায় থাকুক।”

তিনি আরও জানান, এই সময় সীমান্ত সমস্যা, সাপটা চুক্তি বাস্তবায়ন, বিদ্যুৎ সমস্যা, টাটার বিনিয়োগ, আন্তঃ মহাদেশীয় গ্যাস পাইপ লাইন স্থাপন প্রভৃতি বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে।

সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বলেন,“দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং--এর ইতিবাচক মনোভবের কথা রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনকে অবহিত করেন। সেই সঙ্গে সন্ত্রাস দমনের ক্ষেত্রে দু'দেশে একত্রে কাজ করলে খুব সহজেই সন্ত্রাস দূর হতে পারে বলে রাষ্ট্রদূত মনে করেন।”

তিনি বলেন,“খালেদা জিয়া রাষ্ট্রদূতকে বলেছেন, বাংলাদেশ তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। টাটার বিনিয়োগ ও গ্যাস পাইপ লাইন স্থাপনে তিনি ইতিবাচক মনোভব ব্যাক্ত করেন। সেই সঙ্গে তার সরকারের সময় ভারতের সাথে ভালো সম্পর্কের বিষয়টিও উল্লেখ করেন।”    

বিএনপি চেয়ারপারসন বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতের কর্মকালের সাফল্য কামনা করেন।

পিনাক রঞ্জন চক্রবর্তী এর আগেও বাংলাদেশে ভারতের উপ-রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।